Image description

দ্বিতীয় স্ত্রী মরিয়ম বেগমকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার মামলায় সংসদ সদস্য জি এম নজরুল ইসলামকে চার দিন ধরে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ। তার প্রথম স্ত্রী মাকসুদা ইসলামকে জিজ্ঞাসাবাদ করা হবে একদিন।

মামলার তদন্ত কর্মকর্তার আবেদনে আজ সোমবার ঢাকার মহানগর হাকিম এহসানুল ইসলাম রিমান্ডের এ আদেশ দেন।

শেরেবাংলা নগর থানায় করা এ মামলার তদন্ত কর্মকর্তা এসআই মো. শামসুজ্জোহা সরকার দুই আসামিকে সাত দিনের জন্য রিমান্ডে চেয়েছিলেন। আবেদনে তিনি বলেছেন, মরিয়মের মৃত্যুর ঘটনা নিয়ে পাঁচটি প্রশ্নের উত্তর খুঁজতে তাদের জিজ্ঞাসাবাদ প্রয়োজন।