Image description

চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় এক নারীকে নিয়ে পালানোর অভিযোগ উঠেছে পৌরসভা এনসিপির আহ্বায়ক শেখ রহমত উল্লাহর বিরুদ্ধে।

এ ঘটনায় ওই নারীর শ্বশুর হারুনুর রশিদ রোববার (২০ সেপ্টেম্বর) সকাল ১০টায় শাহরাস্তি মডেল থানায় লিখিত অভিযোগ করেছেন।


 

শনিবার (১৯ সেপ্টেম্বর) রাতে বাহরাইন প্রবাসী ইব্রাহিম খলিলের স্ত্রী মরিয়ম বেগমকে সঙ্গে নিয়ে রহমত উল্লাহ পালিয়েছেন বলে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। বিষয়টি জানাজানি হওয়ার পর পরিবারের সদস্যরা তাদের খোঁজ শুরু করেন।

 
অভিযোগে বলা হয়েছে, এরপর থেকে রহমত উল্লাহ ও মরিয়মের মোবাইলফোন বন্ধ পাওয়া যাচ্ছে।

 

রোববার সকালে মরিয়মের পরিবারের সদস্যরা শাহরাস্তি মডেল থানায় এসে অভিযোগ করেন।

এ সময় তার দুই অপ্রাপ্তবয়স্ক সন্তানও মায়ের খোঁজে পরিবারের সদস্যদের সঙ্গে থানায় আসে। শিশুদের ব্যক্তিগত গোপনীয়তা ও নিরাপত্তার বিষয়টি বিবেচনায় তাদের পরিচয় প্রকাশ করা হয়নি।

 

 

ইব্রাহিম খলিলের ভগ্নিপতি জাহাঙ্গীর আলম অভিযোগ করে বলেন, রহমত উল্লাহ ও মরিয়মের মধ্যে দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক ছিল। বিষয়টি পরিবারের নজরে আসার পর ইব্রাহিম খলিলকে জানানো হয়। পরে পারিবারিকভাবে বিষয়টি জানাজানি হলে শনিবার রাত তারা উধাও।

অন্যদিকে, মরিয়মের শ্বশুর ও অভিযোগকারী হারুনুর রশিদ দাবি করেন, তার পুত্রবধূ যাওয়ার সময় স্বর্ণালংকার ও নগদ অর্থ সঙ্গে নিয়ে গেছেন। 

তবে এসব অভিযোগের বিষয়ে শেখ রহমত উল্লাহ ও মরিয়মের বক্তব্য পাওয়া যায়নি। তারা বর্তমানে কোথায় রয়েছেন, সে বিষয়টিও নিশ্চিত হওয়া যায়নি।

শাহরাস্তি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান বলেন, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। অভিযোগটি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।