টাঙ্গাইল শহরের বাইপাস এলাকায় পরিত্যক্ত পেট্রোল পাম্পে ছোরমান রেজা নামে সাবেক এক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা করা হয়েছে।
রোববার (২০ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে। নিহত ছোরমান রেজা (৩৮) টাঙ্গাইল সদর উপজেলার গালা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য।
জেলা পুলিশ জানায়, রোববার দুপুর আনুমানিক দেড়টার দিকে বাইপাস এলাকার ওই পরিত্যক্ত পেট্রোল পাম্পে তাকে কুপিয়ে হত্যা করা হয়। তবে কী কারণে এবং কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।
পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এইচ এম মাহবুব রেজওয়ান সিদ্দিকী বলেন, হত্যাকাণ্ডের কারণ উদঘাটন এবং জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে। ময়নাতদন্তের জন্য মরদেহ টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্তের মাধ্যমে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ ও জড়িতদের সম্পর্কে বিস্তারিত জানা যাবে।