Image description

যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালালে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটি ও স্থাপনায় ‘সীমাহীন’ পাল্টা হামলা চালানোর হুমকি দিয়েছে ইরান। দেশটির সামরিক উত্তেজনা বাড়ার মধ্যে এ সতর্কবার্তা দিয়েছে ইরানের কেন্দ্রীয় সামরিক কমান্ড।

রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইআরআইবিতে প্রকাশিত এক বিবৃতিতে খাতাম আল আনবিয়া কেন্দ্রীয় সামরিক সদর দপ্তর বলেছে, যুক্তরাষ্ট্র কোনো হামলা চালালে এর জবাব দেবে ইরান। যে কোনো ভুলের পরিণতি হবে বেদনাদায়ক হামলা।

ইরানের সামরিক কমান্ডের দাবি, ইসরায়েলের মিথ্যা ও সাজানো তথ্যের ভিত্তিতে শুরু হওয়া যুদ্ধে নিজেদের ব্যর্থতা আড়াল এবং মনগড়া সাফল্য অর্জনের চেষ্টা করছে যুক্তরাষ্ট্র। এ উদ্দেশ্যে কয়েকটি আঞ্চলিক দেশের সম্মতিতে ইউরোপের একটি দেশে অনুষ্ঠিত বৈঠকের মাধ্যমে ইরানের বিরুদ্ধে আবারও সামরিক পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত যুক্তরাষ্ট্র নিয়েছে বলে দাবি করেছে তেহরান।

 
 
 

বিবৃতিতে যুক্তরাষ্ট্র নতুন করে বড় ধরনের হামলা চালালে মধ্যপ্রাচ্যের যেসব দেশ এতে সহযোগিতা করবে, তাদেরও সহযোগী হিসেবে বিবেচনা করা হবে বলে সতর্ক করেছে ইরান। মধ্যপ্রাচ্যের দেশগুলো যদি ইরানের প্রতি দ্বৈত নীতি অব্যাহত রেখে যুক্তরাষ্ট্রের আগ্রাসনের সঙ্গে যুক্ত হয়, তাহলে তাদেরও এই কর্মকাণ্ডের সঙ্গে জড়িত হিসেবে বিবেচনা করা হবে।

 
 

বিবৃতিতে আরও বলা হয়েছে, এমন পরিস্থিতিতে ওই দেশগুলো ইরানের শক্তিশালী সশস্ত্র বাহিনীর কাছ থেকে আর কোনো সংযম বা সদাচরণ আশা করতে পারবে না।

 

ইরানের সামরিক বাহিনীর এই হুঁশিয়ারির ফলে দেশটির সঙ্গে যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যের মিত্র দেশগুলোর মধ্যে নতুন করে সামরিক উত্তেজনা বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

সূত্র : আল জাজিরা