Image description

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিসেম্বরে নাকি ফেব্রুয়ারিতে দেশে ফিরবেন, সেই বিষয়টিকে সরকার মোটেই গুরুত্ব দিচ্ছে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সম্প্রতি আওয়ামী লীগের কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানীর বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও বাসে অগ্নিসংযোগের ঘটনাগুলোকে ‘বিচ্ছিন্ন ঘটনা’ আখ্যা দিয়ে তিনি বলেন, এসব নিয়ে সরকার একেবারেই শঙ্কিত নয়।

আজ রোববার সচিবালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

 

আদালত আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা দেওয়ার পরও ২০ সেপ্টেম্বর দলটি সারা দেশে লকডাউনের ঘোষণা দেয়। এর আগে ও পরে রাজধানীর কয়েকটি স্থানে ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে, যা জনমনে নতুন করে আতঙ্কের সৃষ্টি করেছে। এ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং সরকার এসব তৎপরতায় বিচলিত নয়।

 

ব্রিফিংকালে কুমিল্লায় আইফোনের জন্য ১৩ বছরের শিশু অপ্রতিম হত্যাকাণ্ডের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তাররা প্রাথমিক জিজ্ঞাসাবাদেই হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছে। নিহত শিশুটিও একটি অপরাধী চক্রের সঙ্গে জড়িয়ে পড়েছিল বলেও জানান তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী আশ্বস্ত করেন, সম্প্রতি আলোচিত রামিসা হত্যা মামলার মতো অপ্রতীম হত্যাকাণ্ডের বিচারও দ্রুততম সময়ে সম্পন্ন করতে দ্রুত চার্জশিট দেওয়া হবে।

তেজগাঁও কলেজের মসজিদে জুমার নামাজের পর ২৩ জনকে গ্রেপ্তারের বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আটককৃতদের মধ্যে ১২ জনের উগ্রবাদী তৎপরতার সঙ্গে স্পষ্ট সংশ্লিষ্টতা পাওয়া গেছে। তারা ‘ইত্তেহাদুল উম্মাহ’ নামক একটি সংগঠন গড়ে তুলে দেশে খেলাফত প্রতিষ্ঠার চেষ্টা করছিল।