Image description

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. নাহিদা বেগমের একমাত্র ছেলে অপ্রতিম (১৩) হত্যাকাণ্ডে সন্দেহভাজন হিসেবে আটক তুহিনের বিরুদ্ধে বাইক চুরির অভিযোগ করেছেন এক ব্যক্তি।

শনিবার (১৯ সেপ্টেম্বর) আসাদুল্লা সোহাগ (২১) নামের এই তরুণ তুহিনের আটকের খবরের পর তার ব্যক্তিগতর ফেসবুক আইডিতে একটি পোস্ট করেন। সেখানে তিনি অভিযোগ করেন তাকেও একইভাবে ডেকে নিয়ে তার বাইক চুরি করে নিয়েছিল তুহিন। পুলিশের কাছে গিয়েও কোনো কাজ হয়নি।

ফেসবুক পোস্টে আসাদুল্লাহ সোহাগ উল্লেখ করেন, চোর তুহিন থেকে আজকে সে খুনি তুহিন! সে আমাকেও একইভাবে ডেকে এনে কৌশলে আমার বাইকটি নিয়ে যায়। ওর বিরুদ্ধে যখন আমি মামলা করতে গিয়েছিলাম, তখন সদর দক্ষিণ থানার পুলিশ আমার মামলা না নিয়ে শুধু একটা জিডি নিয়েছিল।

কিন্তু ওর বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নিয়ে উল্টো আমাদের বলেছিল-ওর মাথার ওপর নাকি কোনো এক রাজনৈতিক দলের বড় নেতার হাত আছে, তাই ওকে যেন কিছু না করা হয়! আমি সেদিন চুপ ছিলাম, কিন্তু আজ বলব- দেশের পুলিশের শুধু পোশাকই পরিবর্তন হয়েছে, চরিত্র নয়! টাকা ছাড়া এই দেশে কোনো কিছুর বিচার পাওয়া যায় না।

আমার বাইক চুরি গেছে, সেটা নিয়ে আমার আক্ষেপ নেই। কিন্তু আমি মনে করি, ছোট অপরাধ পার পেয়ে গেলেই অপরাধীরা পরবর্তীতে বড় অপরাধ করার সাহস পায়। সেদিন যেই নেতার পাওয়ার দেখিয়ে ওকে আইন থেকে বাঁচিয়ে রেখেছিলেন, আজ ওকে কীভাবে বাঁচাবেন?

এই পোস্টের সঙ্গে একটি অভিযোগপত্রের ছবি, তার চুরি যাওয়া বাইকের ছবি এবং তুহিনের ছবি ও একটি ফটোকার্ড সংযুক্ত করেন তিনি।

এদিকে তুহিনের বাড়ি থেকে অপ্রতিমের সেই আইফোন উদ্ধার করা হয়েছে বলে জেলা পুলিশের একটি গোপন সূত্র জানিয়েছে। তবে এ নিয়ে কারো বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। ঘটনার বিষয়ে আগামীকাল রোববার দুপুরে জেলা পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলন ডেকেছে জেলা পুলিশ। ধারণা করা হচ্ছে আইফোনের জন্যই অপ্রতিমকে হত্যা করা হয়।

এদিকে অপ্রতিম হত্যার ঘটনায় তুহিন, আনাস ছাড়াও ফাহিম নামে আরও একজনকে আটক করা হয়েছে বলে বিভিন্ন সংবাদ মাধ্যমে খবর ছড়িয়েছে। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত রাত পৌনে ১২টা পর্যন্ত প্রশাসনের কেউই ফাহিমের আটকের বিষয়টি নিশ্চিত করেননি।

প্রসঙ্গত, গত শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে কুমিল্লা কোটবাড়ি এলাকা থেকে নিখোঁজ হয় অপ্রতিম নামের ১৩ বছরের এক কিশোর। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান অপ্রতিম।

শুক্রবার বিকেলে মায়ের আইফোন নিয়ে ছবি তুলতে গিয়ে আর বাসায় ফেরেনি অপ্রতিম। পরে তার বাবা ফিরোজ শাহরিয়ার সদর দক্ষিণ মডেল থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন।

নিখোঁজের পরদিন শনিবার দুপুর কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ গেটের পাশে লালমাই পাহাড়ঘেঁষা সানন্দা গ্রামের ঝোপ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। অপ্রতিম কুমিল্লা কোটবাড়ি এলাকায় বর্ডার গার্ড পাবলিক স্কুলের ৭ম শ্রেণির শিক্ষার্থী। এ ঘটনায় জড়িত সন্দেহে তুহিন (১৯) নামের একজনকে আটক করেছে পুলিশ।

বিকেলে আনাস নামের আরও একজনকে আটক করেছে এসআরবি। ধারণা করা হচ্ছে-আইফোনটি নেওয়ার জন্য তাকে হত্যা করা হয়ে থাকতে পারে। তবে আটককৃতদের জিজ্ঞাসাবাদ চলছে। ঘটনার বিষয়ে রোববার দুপুরে সংবাদ সম্মেলন ডেকেছে জেলা পুলিশ।