চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানার সীমানাপ্রাচীর ঘেঁষে চলে গেছে একটি সড়ক। থানার জানালা দিয়েই সড়কটিতে চোখে পড়ে যানবাহন ও পথচারীর চলাচল। এই রাস্তায় সাতসকালে এক রিকশাযাত্রীকে অস্ত্রের মুখে জিম্মি করে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
কোতোয়ালী থানার ওসি আবু জায়েদ মোহাম্মদ নাজমুন নুর আগামীর সময়কে জানিয়েছেন, ভিডিওটি তাদের নজরে এসেছে। তবে তাদের কাছে কেউ এ বিষয়ে কোনো অভিযোগ করেনি। তারা স্বপ্রণোদিত হয়ে তদন্ত শুরু করেছেন। ছিনতাইয়ের শিকার ব্যক্তির খোঁজ করছেন তারা।
আজ শনিবার সকাল থেকে ফেসবুকে ছড়িয়ে পড়েছে ছিনতাইয়ের দৃশ্যটি। এটি নগরীর পাথরঘাটার সতীশ বাবু লেইনের ঘটনা বলে নিশ্চিত করেছে পুলিশ।
ভিডিওতে দেখা যায়, হাতে টানা একটি রিকশায় ছিলেন ঘটনার শিকার যাত্রী। পায়ের কাছে রাখা ব্যাগ দেখে ধারণা করা যায়, বাজার করে ফিরছেন। ছুরি হাতে দুই ছিনতাইকারী রিকশা থামিয়ে কেড়ে নিচ্ছিলেন টাকাপয়সা, মালামাল। ডান পকেটে থাকা কিছু বের করতে না পারায় টানাহেঁচড়া করতেও দেখা যায় ছিনতাইকারীদের।
একপর্যায়ে ছুরি দিয়ে যাত্রীর ডান পকেট কাটতে দেখা যায় তাদের একজনকে। অপরজন ছুরি হাতে ভয় দেখাচ্ছিলেন যাত্রীকে। তখন ওই যাত্রী কাতর কন্ঠে বারবার বলছিলেন, ‘আরে ভাই, দিতাছি তো।’ অসহায় হয়ে তাদের দিকে তাকিয়েছিলেন রিকশা চালক।
আশপাশের আবাসিক ভবন থেকে লোকজন ঘটনা দেখে চিৎকার শুরু করেন। তখন যাত্রীর মোবাইল ও টাকাপয়সা নিয়ে দ্রুত একটি ব্যাটারিচালিত অটোরিকশায় উঠে পালিয়ে যান ছিনতাইকারীরা। কয়েকজন পথচারী ও বাসিন্দা অবশ্য ‘ধর ধর, মার মার’ বলে চিৎকার করতে করতে অটোরিকশাটিকে ধাওয়া দেন। তবে সেটি আটকানো যায়নি।
ওসি আবু জায়েদ বললেন, ‘ছিনতাইয়ের ঘটনাটি কখন ঘটেছে সেটা আমরা এখনও জানতে পারিনি। আমরা খোঁজখবর নিচ্ছি।’