Image description

জাপানের নাগোয়ায় এশিয়ান গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে আজ ভারতের জাতীয় পতাকা বহনের কথা ছিল শুটার মনু ভাকের এবং শট পুটার তেজিন্দারপাল সিংহ তুরের। শেষ মুহূর্তে পোশাক বিপত্তিতে সরে দাঁড়ান তেজিন্দার। তার বদলে ভাকেরের সঙ্গে ভারতের জাতীয় পতাকা নিয়ে মার্চপাস্টে অংশ নেন কবাডি খেলোয়াড় পবন সেহরাওয়াত।

সংবাদ সংস্থা পিটিআই-কে তেজিন্দারপাল জানান, ‘আমাকে জানানো হয়েছে, আমার অফিসিয়াল পোশাক বিকেল ৩টায় বিমানবন্দরে পৌঁছাবে। বিমানবন্দর থেকে পোশাক নিয়ে সময়মতো উদ্বোধনী অনুষ্ঠানের ভেন্যুতে পৌঁছানো অসম্ভব।। তাই আমি ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনকে (আইওএ) জানিয়ে দিয়েছি যে আমি উদ্বোধনী অনুষ্ঠানে আসছি না।’

তিনি আরও যোগ করেন, ‘আইওএ আমাকে শুক্রবার পতাকা বহনের কথা জানিয়েছে। আগে জানালে আমার কোচ পোশাক নিয়ে আসতে পারতেন। কোচ শুক্রবারই জাপানে এসেছেন। শেষ মুহূর্তে জানানোয় এখন পরিবর্তন করা সম্ভব নয়।’

আইওএ অবশ্য এক বিবৃতিতে জানিয়েছে যে, ‘একটি কারিগরি সমস্যার কারণে’ ৩১ বছর বয়সী তেজিন্দারপাল ভারতের পতাকাবাহী হতে পারছেন না।