Image description

পাবনায় পেঁয়াজ ব্যবসায়ী আব্দুল আজিজ (৫৫) হত্যার রহস্য উদঘাটন করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। এ ঘটনায় প্রধান অভিযুক্ত মোহাম্মদ রেজাউল করিম প্রামাণিক ওরফে বাঘাকে নরসিংদী থেকে গ্রেফতার করা হয়েছে। তিনি ‘সর্বহারা গ্রুপের’ নেতা বলে জানিয়েছে পুলিশের এলিট ফোর্স এসআরবি।

বাহিনীটি বলছে, হত্যার শিকার আব্দুল আজিজ ব্যবসায়ী হওয়ায় তার কাছে সবসময় টাকা-পয়সা থাকতো। এ বিষয়টি জানতে পেরে তাকে হত্যার পরিকল্পনা করেন অভিযুক্তরা। মাত্র ২৫ হাজার টাকার লোভে চার জন মিলে নির্মমভাবে হত্যা করেন আজিজকে।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাজধানীর কারওয়ান বাজারে এসআরবি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান এসআরবির লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী।

তিনি বলেন, গত ৭ সেপ্টেম্বর পাবনার সাঁথিয়া উপজেলার ডাঙ্গামারি গ্রামের স্থানীয় পেঁয়াজ ব্যবসায়ী আব্দুল আজিজ নিখোঁজ হন। ব্যবসা সূত্রে তার কাছে সবসময় নগদ টাকা-পয়সা থাকতো। নিখোঁজের পরদিন ৮ সেপ্টেম্বর স্থানীয় একটি পুকুরে ভাসমান অবস্থায় তার লাশ দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন।

এসআরবি জানায়, দুর্বৃত্তরা অত্যন্ত নির্মমভাবে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও গলা কেটে হত্যা করে লাশ পুকুরে ফেলে রেখে যায়। পরে নিহতের স্বজন বাদী হয়ে পাবনার সাঁথিয়া থানায় একটি হত্যা মামলা করে। থানা পুলিশ মামলাটির তদন্ত শুরু করে এবং চার জন সন্দেহভাজন ব্যক্তির খোঁজ পায়। তাদের মধ্যে দুই জনকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়। জিজ্ঞাসাবাদের জন্য তাদের তিন দিনের রিমান্ডে নেওয়া হয়।

গ্রেফতারদের স্বীকারোক্তির কথা জানিয়ে ইন্তেখাব চৌধুরী বলেন, চার জন মিলে আব্দুল আজিজকে খুন করেন। হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী এবং প্রধান অভিযুক্ত মোহাম্মদ রেজাউল করিম প্রামাণিক ওরফে বাঘা ক্রমাগত নিজের স্থান পরিবর্তন করে আইনশৃঙ্খলা বাহিনীকে বিভ্রান্ত করার চেষ্টা করছিলেন। একপর্যায়ে তথ্যপ্রযুক্তির মাধ্যমে নরসিংদীতে তার অবস্থান শনাক্ত করা সম্ভব হয়।

পরে বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) এসআরবি-১১ ও এসআরবি-১২ যৌথ অভিযান চালিয়ে নরসিংদীর মাধবদী এলাকা থেকে বাঘাকে গ্রেফতার করে।
 
ইন্তেখাব চৌধুরী বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মোহাম্মদ রেজাউল করিম প্রামাণিক ওরফে বাঘা স্বীকার করেছেন, তিনি একটি নিষিদ্ধ সর্বহারা গ্রুপের নেতা। মাত্র ২৫ হাজার টাকার লোভে তারা চার জন মিলে পরিকল্পনা করে ব্যবসায়ী আজিজকে হত্যা করেন। পরবর্তী আইনি পদক্ষেপ নিতে গ্রেফতার বাঘাকে পাবনার সাঁথিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।