রাজবাড়ীর গোয়ালন্দে মাদক বিরোধী অভিযানে গিয়ে অস্ত্র-গুলি ও ককটেলসহ একজনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে ফরিদপুর এসআরবি ১০ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার তপন সরকার।
গ্রেপ্তার ওই ব্যক্তির নাম মোঃ ইসলাম সেক আকাশ (৪১)। তিনি গোয়ালন্দ উপজেলার ভোলাই মাতবর পাড়ার এরসাদ সেকের ছেলে।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সকালে গোপন সংবাদের ভিত্তিত্বে গোয়ালন্দ উপজেলার দক্ষিণ উজানচর এলাকায় একটি মাদক উদ্ধার অভিযান পরিচালনা করে। এসময় দেশীয় তৈরি ২টি ওয়ান শুটার গান, ২টি তাজা কার্তুজ এবং ১০টি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করা হয়। সেইসঙ্গে একজনকে গ্রেপ্তার করা হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গ্রেপ্তার মোঃ ইসলাম সেক আকাশের বিরুদ্ধে ২টি অস্ত্র ও ১টি চাঁদাবাজি মামলা রয়েছে। এবিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।