ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে সংসদ সদস্য রুমিন ফারহানার দুই সমর্থককে উপজেলা বিএনপির নেতাকর্মীরা মারধর করেছেন বলে অভিযোগ উঠেছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা পরিষদের সামনে এ ঘটনা ঘটে। এতে আতাউর রহমান ও রাসেল বিপ্লব নামে দুজন আহত হয়েছেন বলে জানা গেছে।
আহত আতাউর রহমান আশুগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক এবং রাসেল বিপ্লব সাবেক জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক। তারা বর্তমানে সংসদ সদস্য রুমিন ফারহানার সমর্থক হিসেবে এলাকায় সক্রিয়।
স্থানীয় সূত্রে জানা যায়, আশুগঞ্জ উপজেলার খোলাপাড়া গ্রামের আবদুল কাদির শাহ পাঠাগারের উদ্যোগে আগামী ১৮ সেপ্টেম্বর উপজেলা পরিষদের মিলনায়তনে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়ার আয়োজন করা হয়েছে। এতে রুমিন ফারহানার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে। অনুষ্ঠানটি আয়োজনের জন্য পাঠাগারের সভাপতি আতাউর রহমান সোমবার উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত আবেদন করেন।
বুধবার বেলা সাড়ে ১১টার দিকে ওই অনুষ্ঠানের প্রস্তুতি ও সর্বশেষ তথ্য জানতে উপজেলা পরিষদে যান আতাউর রহমান ও রাসেল বিপ্লব। তারা ইউএনওর কক্ষে উপজেলা বিএনপির সভাপতি শাহজাহান সিরাজ, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান ও সাংগঠনিক সম্পাদক কামাল হোসেনকে দেখতে পান। পরে তারা উপজেলা পরিষদের বিপরীত পাশে গিয়ে দাঁড়িয়ে কথা বলছিলেন।
রাসেল বিপ্লবের অভিযোগ, জোহরের নামাজের সময় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তার লোকজন নিয়ে এসে তাদের ওপর অতর্কিত হামলা চালান। পরে উপজেলা পরিষদে থাকা গ্রাম পুলিশ সদস্যরা দুই পক্ষকে সরিয়ে দেন।
তিনি বলেন, নিচে উপজেলা পরিষদের বিপরীত দিকে দাঁড়িয়ে আমরা কথা বলছিলাম। জোহর নামাজের সময় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান নিজে এসে তার লোকজন নিয়ে আমাদের ওপর অতর্কিত হামলা চালায়। সংসদ সদস্য রুমিন ফারহানা বিজয়ী হওয়ার পর থেকে বিএনপির নেতাকর্মীরা আমাদের প্রতিপক্ষ হয়ে আছেন।
তবে অভিযোগ অস্বীকার করে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান বলেন, মাদকের বিষয় নিয়ে আমাদের ছেলেপেলের সঙ্গে কথা কাটাকাটির এক পর্যায়ে তাদের ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। আমি তাদের ফিরিয়ে দিয়েছি।
আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জামাল হোসেন বলেন, উপজেলা পরিষদের পেছনের মাঠে একটি অপ্রীতিকর ঘটনা ঘটেছে।
সংবর্ধনা অনুষ্ঠানের বিষয়ে ইউএনও বলেন, মাননীয় সংসদ সদস্য চাইলে অবশ্যই সংবর্ধনা অনুষ্ঠান হবে।