গুলশানের ওসির পর এবার উপ-পুলিশ কমিশনার (ডিসি) এম তানভীর আহমেদকেও দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) তাকে পরবর্তী জ্যেষ্ঠ কর্মকর্তার কাছে দায়িত্ব বুঝিয়ে দিয়ে ডিএমপি সদর দপ্তরে রিপোর্ট করতে নির্দেশ দেয়া হয়।
এর আগে গুলশান থানার ওসি মো. দাউদ হোসেনকেও প্রত্যাহার করা হয়েছিল। তাকে সদর দপ্তর ও প্রশাসন বিভাগের কেন্দ্রীয় সংরক্ষণ দপ্তরে সংযুক্ত করা হয়েছে।
ডিএমপির উপকমিশনার (সদর দপ্তর ও প্রশাসন) শাহরিয়ার আলী জানিয়েছেন, প্রশাসনিক কারণে ডিসি ও ওসিকে প্রত্যাহার করা হয়েছে। আপাতত তাদের স্থলে নতুন কাউকে দায়িত্ব দেয়া হয়নি।
এর আগে ১১ সেপ্টেম্বর গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীদের একটি ঝটিকা মিছিলের ঘটনা ঘটে। এ ঘটনায় গুলশান থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়েছে। মামলায় ১১৮ জনের নাম উল্লেখ করা হয়েছে। পাশাপাশি অজ্ঞাতনামা আরও ৮০ থেকে ১০০ জনকে আসামি করা হয়েছে।
পুলিশের তথ্য অনুযায়ী, মামলায় ১৪ সেপ্টেম্বর পর্যন্ত ৮৩ জনকে গ্রেপ্তার করা হয়েছিল। তাদের মধ্যে ২৪ জনকে রিমান্ডে নেয়া হয়। মিছিলের সময় ককটেল বিস্ফোরণ ও পুলিশের দিকে ককটেল নিক্ষেপের অভিযোগও মামলার এজাহারে রয়েছে। ঘটনাস্থল থেকে পাঁচটি ককটেল উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ।
মিছিলের পর গুলশানের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও পুলিশের ভূমিকা নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন ওঠে। এর পাঁচ দিনের মাথায় গুলশান থানার ওসি এবং বিভাগের ডিসিকে প্রত্যাহারের সিদ্ধান্ত এলো। তবে ডিএমপির পক্ষ থেকে তাদের প্রত্যাহারের কারণ হিসেবে প্রশাসনিক বিষয়ই উল্লেখ করা হয়েছে।