Image description

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর আগামীকাল মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সিলেট সফর করবেন। তার সফরকে কেন্দ্র করে নগরজুড়ে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। একই সঙ্গে নিরাপত্তাব্যবস্থা জোরদার করেছে সিলেট মহানগর পুলিশ (এসএমপি)। রাষ্ট্রপতি আগামীকাল সকাল সোয়া ১১টায় বিমানে সিলেটে পৌঁছাবেন। প্রথমে তিনি হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করবেন। বিকেলে সিলেট সিটি করপোরেশন আয়োজিত নাগরিক সংবর্ধনায় অংশ নেবেন তিনি।

 

রাষ্ট্রপতি হওয়ার পর মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এটিই প্রথম সিলেট সফর। সফরের পাঁচটি ভেন্যু ও তিনটি কর্মসূচি ঘিরে সার্বিক নিরাপত্তা পরিকল্পনা সাজানো হয়েছে বলে জানিয়েছেন সিলেট মহানগর পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম, বিপিএম। সফর চলাকালে প্রায় এক হাজার নিয়মিত পুলিশ সদস্যের পাশাপাশি আরও ২০০ অতিরিক্ত পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন।

 

সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে সফরের বিভিন্ন ভেন্যু পরিদর্শন করেন পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম। পরে হযরত শাহজালাল (রহ.) মাজারে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি জানান, রাষ্ট্রপতির সফরকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। সফরকালে তিনি দুটি মাজার জিয়ারত করবেন এবং নাগরিক সংবর্ধনায় অংশ নেবেন। এই তিনটি কর্মসূচিকে কেন্দ্র করে পাঁচটি ভেন্যুতে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।

 

তিনি আরও জানান, মহানগর পুলিশের পাশাপাশি র‍্যাব, বিজিবি ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা মাঠে থাকবেন। প্রয়োজন অনুযায়ী ফায়ার সার্ভিস ও বন বিভাগসহ সংশ্লিষ্ট সংস্থাগুলোও সহায়তা করবে। নগরের ট্রাফিক ব্যবস্থাপনাতেও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। সফর উপলক্ষে সিলেট মহানগর পুলিশ, সিলেট সিটি করপোরেশন ও জেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার সমন্বয়ে বৈঠক হয়েছে এবং সেখানে নিরাপত্তা ও সার্বিক ব্যবস্থাপনা নিয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

 

রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথম সিলেট সফরকে কেন্দ্র করে পরিচ্ছন্নতা ও সাজসজ্জার কাজ প্রায় শেষ হয়েছে। নগরের গুরুত্বপূর্ণ সড়ক, স্থাপনা ও মাজার এলাকায় সৌন্দর্যবর্ধন ও প্রয়োজনীয় সংস্কারকাজ জোরদার করা হয়েছে। এ ব্যাপারে সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী জানান, রাষ্ট্রপতি ১৫ সেপ্টেম্বর সিলেট সফরে আসছেন। সিলেট একটি পর্যটননগরী; রাষ্ট্রপতি যাতে সিলেটের সৌন্দর্য উপভোগ করতে পারেন এবং তার সফরে কোনো ঘাটতি না থাকে, সে বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। রাষ্ট্রপতি যাতে নির্বিঘ্নে ও স্বাচ্ছন্দ্যে দুটি মাজার জিয়ারত করতে পারেন, সে জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হয়েছে। সিসিকের প্রস্তুতি প্রায় সম্পন্ন এবং সিলেটবাসী তাকে স্বাগত জানাতে প্রস্তুত।

 

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে স্বাগত জানাতে নগরের গুরুত্বপূর্ণ ৭টি স্পটে অবস্থান নেবেন সিলেট মহানগর বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন ও সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীর নির্দেশনায় নির্ধারিত জায়গাগুলোতে সংশ্লিষ্ট ওয়ার্ড বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতারা স্বাগত কর্মসূচির নেতৃত্ব দেবেন।

 

বিমানে সিলেটে পৌঁছানোর পর বিমানবন্দর-আম্বরখানা সড়কের চৌকিদেখী পয়েন্টে সকাল ১১টায় রাষ্ট্রপতিকে প্রথম স্বাগত জানানো হবে। সেখানে ৪, ৫, ৬ ও ৭ নম্বর ওয়ার্ড বিএনপি, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল ও তাঁতীদলের নেতাকর্মীরা অবস্থান করবেন। আম্বরখানা পয়েন্টে থাকবে মহানগর বিএনপির ১, ৮, ৯, ১৭, ১৮, ৩৬, ৩৭, ৩৮ ও ৩৯ নম্বর ওয়ার্ড বিএনপি এবং শ্রমিক দল। হযরত শাহজালাল (রহ.) মাজারের প্রবেশপথ দরগাহ গেটে অবস্থান নেবেন জাতীয়তাবাদী যুবদলের নেতাকর্মীরা।

 

চৌহাট্টা পয়েন্টে অবস্থান করবেন মহানগর বিএনপির ২, ৩, ১০, ১১, ১২, ১৬, ২৮, ২৯ ও ৩০ নম্বর ওয়ার্ড বিএনপি এবং ছাত্রদলের নেতাকর্মীরা। জিন্দাবাজার পয়েন্টে থাকবেন ১৩, ১৪, ১৫, ২৩, ২৫, ২৬ ও ২৭ নম্বর ওয়ার্ড বিএনপির নেতাকর্মীরা। হযরত শাহপরান (রহ.) মাজারে যাওয়ার পথে টিলাগড় পয়েন্টে ১৯, ২০, ২১, ২২, ২৪, ৪০, ৪১ ও ৪২ নম্বর ওয়ার্ড বিএনপির নেতাকর্মীরা এবং মাজারের আগের শাহপরান গেটে ৩১, ৩২, ৩৩, ৩৪ ও ৩৫ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা রাষ্ট্রপতিকে স্বাগত জানাবেন। মহানগর বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক সংশ্লিষ্ট নেতাকর্মীসহ সাধারণ জনগণকে যথাসময়ে উপস্থিত থেকে রাষ্ট্রপতিকে স্বাগত জানানোর আহ্বান জানিয়েছেন।

 

ঘোষিত সফরসূচি অনুযায়ী, বিকেল ৩টায় নগর ভবন প্রাঙ্গণে আয়োজিত নাগরিক সংবর্ধনায় যোগ দেবেন রাষ্ট্রপতি। এরপর সার্কিট হাউসে কিছু সময় বিরতি নিয়ে রাতে বিমানযোগে ঢাকায় ফিরবেন তিনি।