Image description
রাজস্থানের পৌরসভা নির্বাচনে ভিন্ন ভিন্ন ওয়ার্ডে বিজেপি ও কংগ্রেসের দুই প্রার্থী মাত্র একটি করে ভোট পেয়েছেন। আর আরএলপি প্রার্থী নিজের ভোটও পাননি।
 
সোমবার (১৪ সেপ্টেম্বর) এই নির্বাচনের ফল প্রকাশ করা হয়। খবর ইন্ডিয়া টুডের।
 
দিদওয়ানা-কুচামান জেলার পারবতসর পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডে বিজেপি প্রার্থী কৈলাশচাঁদ মাত্র একটি ভোট পেয়েছেন। এই ওয়ার্ডে কংগ্রেস প্রার্থী হিনা খানম ৩৭৬ ভোট পেয়ে জয়ী হয়েছেন। স্বতন্ত্র প্রার্থী রশিদ খান ১৯৫ ভোট পেয়ে দ্বিতীয় হয়েছেন।
 
কৈলাশচাঁদ জানান, ১৩ নম্বর ওয়ার্ড থেকে তাকে প্রার্থী করা হলেও ভোটার হিসেবে তার নাম পাশের ১২ নম্বর ওয়ার্ডে রয়েছে।
 
তিনি পিটিআইকে বলেন, ‘আমি একটি ভোট পেয়েছি। আমার ভোট ১২ নম্বর ওয়ার্ডে। ওই ওয়ার্ডের কেউ আমার পক্ষে ভোট দিয়েছেন।’
 
পারবতসরের ২৫টি ওয়ার্ডের মধ্যে কংগ্রেস ১৩টিতে জয় পেয়ে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। বিজেপি জিতেছে বাকি ১২টি ওয়ার্ডে।
 
নাগৌর জেলায় রিয়ানবাড়ি পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডে কংগ্রেস প্রার্থী মাজিদ মোহাম্মদও মাত্র একটি ভোট পেয়েছেন। এই ওয়ার্ডে বিজেপি প্রার্থী সুনীল কুমার চৌহান জয়ী হয়েছেন। আরএলপির গজেন্দ্র দ্বিতীয় হয়েছেন।
 
ওম প্রকাশ ভোট গণনায় অনিয়মের অভিযোগ করেছেন। তিনি দাবি করেন, তার পরিবারের ১০টি ভোট ছিল এবং তিনি নিজেও তাকে ভোট দিয়েছেন।
 
তিনি পিটিআইকে বলেন, ‘ভোট চুরি করা হয়েছে। ইভিএম সিল করার সময় কংগ্রেসের এজেন্ট ছাড়া অন্য দলের পোলিং এজেন্টদের বাইরে রাখা হয়েছিল। আমরা নির্বাচন কমিশনের কাছে অভিযোগ করব।’
 
রাজস্থানের ৩০৯টি পৌরসভা ও নগর স্থানীয় সংস্থার নির্বাচনের ভোট গণনার সময় এসব ফলাফল প্রকাশ করা হয়। এসব নির্বাচনে ১০ হাজারের বেশি কাউন্সিলর পদে ভোট হয়েছে।
 
বিরোধী দলগুলো অভিযোগ করেছে, ক্ষমতাসীন বিজেপি নির্বাচনে প্রভাব বিস্তারের জন্য সরকারি ব্যবস্থাপনা ব্যবহার করেছে। তবে বিজেপি এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে।