আওয়ামী লীগ সরকারের সময়ে ভারতের সঙ্গে হওয়া ১০১টি চুক্তি ও সমঝোতা পর্যালোচনা করছে বর্তমান সরকার। এসব চুক্তির কোনগুলো দেশের স্বার্থের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এবং কোনগুলো পুনর্বিবেচনার প্রয়োজন রয়েছে, তা যাচাই করা হচ্ছে। এ বিষয়ে শিগগিরই সিদ্ধান্ত নেওয়া হবে।
শুক্রবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জাতীয় সংসদের চিফ হুইপ ও বিএনপি দলীয় সংসদ সদস্য (বরগুনা-২) মো. নূরুল ইসলাম।
তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের সময়ে ভারতের সঙ্গে বিভিন্ন বিষয়ে যেসব চুক্তি ও সমঝোতা করা হয়েছে, সেগুলো সরকার পর্যালোচনা করছে। দেশের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে চুক্তিগুলোর বিষয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে।
চিফ হুইপ বলেন, পর্যালোচনার কাজ শেষ হওয়ার পর কোন চুক্তি বহাল থাকবে, কোনটি সংশোধন বা বাতিল করা প্রয়োজন—সে বিষয়ে সরকার সিদ্ধান্ত জানাবে।
তিনি আরও বলেন, বাংলাদেশের স্বার্থ রক্ষা এবং দুই দেশের সম্পর্ককে সমতার ভিত্তিতে এগিয়ে নেওয়ার বিষয়টি সরকারের কাছে গুরুত্বপূর্ণ।
এ কারণে আগের সরকারের সময়ে করা চুক্তি ও সমঝোতাগুলো যাচাই করা হচ্ছে।
সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলো চুক্তিগুলোর বিভিন্ন দিক পর্যালোচনা করছে বলেও জানান তিনি। শিগগিরই এ বিষয়ে সরকারের অবস্থান স্পষ্ট করা হবে।
শীর্ষনিউজ