Image description

চীনের পূর্বাঞ্চলের একটি বন্দরে নোঙর করা বিদেশি কার্গো জাহাজে আগুন লেগে ২৫ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) স্থানীয় সময় সকাল ১১টা ১৫ মিনিটে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভি।

সিসিটিভি জানায়, জাহাজে মোট ৪২ জন ছিলেন। তাদের মধ্যে ১৭ জনকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। তাঁদের মধ্যে পাঁচজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চীনের কিংদাও শহরের একটি জাহাজ নির্মাণ ও মেরামত কারখানায় ‘ওশান মেলোডি’ নামের জাহাজটির রক্ষণাবেক্ষণের কাজ চলছিল। এ সময় আগুনের সূত্রপাত হয়। সিসিটিভি জানিয়েছে, তিন ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

লাইবেরিয়ার পতাকাবাহী এই জাহাজটির দৈর্ঘ্য ৬২৩ ফুট। জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী ওয়েবসাইট মেরিনট্রাফিকের তথ্য অনুযায়ী, গত ৩১ আগস্ট এটি কিংদাও বন্দরে পৌঁছায়।

কিংদাও চীনের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র। বিশ্বের ব্যস্ততম বন্দরগুলোর মধ্যেও শহরটির বন্দর রয়েছে।

জাহাজটিতে আগুন লাগার কারণ এখনো জানা যায়নি। বার্তা সংস্থা এএফপিকে এক প্রত্যক্ষদর্শী জানান, জাহাজ থেকে ঘন ধোঁয়া উঠতে দেখা গেছে। তবে তিনি কোনো বিস্ফোরণের শব্দ শুনতে পাননি।

এঘটনার পর ব্যাপক তল্লাশি ও উদ্ধার অভিযান চালানোর নির্দেশ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট শি চিনপিং।

সূত্র: বিবিসি