হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের বিশেষ অভিযানে একই ফ্লাইটে আসা সাত যাত্রীর ব্যাগ থেকে মোট ৩৮.৫০ লিটার বিদেশি মদ জব্দ করা হয়েছে। এই মদের আনুমানিক বাজারমূল্য ৭ লাখ ৭০ হাজার টাকা।
জাতীয় রাজস্ব বোর্ডের জনসংযোগ বিভাগ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
জনসংযোগ বিভাগ জানায়, গত ৮ সেপ্টেম্বর পাওয়া গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত সার্কেল, এয়ারপোর্টের সি-শিফট জানতে পারে, মুম্বাই থেকে ঢাকাগামী এয়ার ইন্ডিয়ার এআই২১৮৩ ফ্লাইটের যাত্রীদের ব্যাগে বিদেশি মদ বহন করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে কর্মকর্তারা বিমানবন্দরে নজরদারি জোরদার করেন।
ফ্লাইটটি আনুমানিক সকাল ১০টা ৪৩ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। যাত্রীরা ইমিগ্রেশন সম্পন্ন এবং লাগেজ নিয়ে গ্রিন চ্যানেল অতিক্রমের সময় কাস্টমস গোয়েন্দার কর্মকর্তারা সন্দেহভাজন যাত্রীদের লাগেজ তল্লাশি করেন। এ সময় আজমল হক নামে একজনের ব্যাগ থেকে ১০ লিটার, মোজাম্মেল হকের ব্যাগ থেকে ৭ লিটার, ইমরানের ব্যাগ থেকে ৬ লিটার, বাবুল মিয়ার ব্যাগ থেকে ৬ লিটার, নাফিজ সাবাতের ব্যাগ থেকে ৩.৫০ লিটার, আল আমিনের ব্যাগ থেকে ৩.৫০ লিটার এবং সাদ্দাম হোসেনের ব্যাগ থেকে ৩ লিটার বিদেশি মদ জব্দ করা হয়।
একই ফ্লাইটের একাধিক যাত্রীর লাগেজে উল্লেখযোগ্য পরিমাণ বিদেশি মদ পাওয়ার ঘটনাটি বিশেষ গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।
জব্দ করা মদের বিষয়ে প্রচলিত কাস্টমস আইন ও বিধি অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। বিষয়টি সংঘবদ্ধভাবে সংগঠিত কি না এবং এর নেপথ্যে কারা জড়িত—তা উদঘাটনে একটি বিশেষ তদন্ত দল অনুসন্ধান করবে।