Image description

গাইবান্ধা সদর উপজেলায় আমন মৌসুমে কৃষকদের সঙ্গে প্রতারণার অভিযোগে দুই বিসিআইসি সার ডিলারকে মোট ৪২ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। ক্যাশমেমো ছাড়া সার বিক্রি এবং বিক্রয় রশিদে উল্লেখিত পরিমাণের সঙ্গে প্রকৃত বিক্রির অসঙ্গতির দায়ে এই জরিমানা করা হয়।

বুধবার (৯ সেপ্টেম্বর) বিকালে গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটি ও মালিবাড়ী ইউনিয়নে এ অভিযান পরিচালিত হয়। উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সবুজ কুমার বসাকের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। রাতে তিনি বিষয়টি নিশ্চিত করেন।

সূত্র জানায়, চলমান আমন মৌসুমে কৃষি অফিসের নিয়মিত মনিটরিংয়ের অংশ হিসেবে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে উপজেলা প্রশাসন। অভিযানে সার ব্যবস্থাপনা আইন লঙ্ঘনের স্পষ্ট প্রমাণ পাওয়া যায়।

জানা গেছে, খোলাহাটি ইউনিয়নের মেসার্স আতাউর রহমান ট্রেডার্সকে ৩০ হাজার টাকা এবং মালিবাড়ী ইউনিয়নের কাবিলের বাজারের মেসার্স সাইদুর রহমান ট্রেডার্সকে ১২ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। অভিযানকালে কৃষি সংশ্লিষ্ট কর্মকর্তা ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নেতৃত্ব দেওয়া সদর উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সবুজ কুমার বসাক বলেন, ‘নিয়মিত মনিটরিংয়ে পাওয়া অভিযোগের সূত্র ধরে অভিযান পরিচালনা করা হয়। সার ব্যবস্থাপনা আইন লঙ্ঘনের অপরাধে দুটি প্রতিষ্ঠানকে অর্থদণ্ড করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’

স্থানীয় কৃষকদের অভিযোগ, আমন মৌসুমে সারের চাহিদা তুঙ্গে থাকলেও কিছু অসাধু ডিলার ক্যাশমেমো না দিয়ে বা কম পরিমাণ দেখিয়ে প্রকৃত বিক্রির সঙ্গে গরমিল করে কৃষকদের ঠকিয়ে আসছিলেন। প্রশাসনের এই অভিযানকে তারা স্বাগত জানিয়েছেন।

সংশ্লিষ্টরা জানান, কৃষকদের স্বার্থ রক্ষা, সার বিক্রিতে স্বচ্ছতা নিশ্চিত করা এবং কৃত্রিম সংকট বা অনিয়ম প্রতিরোধে সার ব্যবসায়ীদের সরকারি বিধিবিধান মেনে চলার আহ্বান জানানো হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।

উল্লেখ্য, সম্প্রতি দেশের বিভিন্ন অঞ্চলে সারের কৃত্রিম সংকট ও কালোবাজারির অভিযোগ উঠেছে। কৃষি মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, সব ডিলারকে ক্যাশমেমো প্রদান এবং নির্ধারিত মূল্যে সার বিক্রি নিশ্চিত করতে হবে। গাইবান্ধার এই অভিযানকে সেই উদ্যোগেরই অংশ হিসেবে দেখা হচ্ছে।