প্রধানমন্ত্রী তারেক রহমানসহ সকল সংসদ সদস্য এবং সারা দেশের ধর্মপ্রাণ মুসলমানকে নিয়মিত নামাজ আদায়ের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান।
আজ বুধবার সংসদ অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে রাজশাহী-১ আসনের সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান বলেন, সংসদ অধিবেশন চলাকালীন নামাজের জন্য ৩০মিনিট করে সময় দেওয়া হয়। আমাদের অধিকাংশ সংসদ সদস্য শারীরিকভাবে সুস্থ। তাদের জামায়াতের সাথে নামাজ আদায় করা উচিত। মাননীয় প্রধানমন্ত্রীও জামায়াতের সাথে নামাজ আদায় করা ফিল করেন। কিন্তু শারীরিক অসুস্থতার কারণে তিনি মসজিদে যেতে পারেন না।
বাংলাদেশ জামায়াত ইসলামীর এই নায়েবে আমির আরও বলেন, আমরা সবাই একদিন মরে যাবো। কেউ আর ১০০ বছর বাঁচব না। মৃত্যুর পর আমাদের সবাইকে প্রথমেই নামাজের হিসেব দিতে হবে। সেদিন আমরা সবাই বিপদে পড়ে যাব। অতএব আমরা নিজেরা নামাজ পড়ি, দেশে যাতে নামাজ কায়েম হয়। আমাদের সন্তানরা যেন ৫ বছর থেকেই নামাজের প্রশিক্ষণ পায়।
তিনি আরও বলেন, সন্তানের ১০ বছর হয়ে গেলে তাকে যাতে প্রশাসনিক ভাবে নামাজের জন্য তাগিদ দেওয়া হয়। রাষ্ট্রীয়ভাবে নামাজ এবং যাকাতের বিধান চালু করা হোক। নামাজের বিধান কায়েম করা হলে বাংলাদেশের প্রতিটি নাগরিকের চরিত্র ভালো হয়ে যাবে।
স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, মাননীয় সংসদ সদস্য এটাতো একটা ধর্মীয় ব্যাপার। এখানে প্রত্যেকের স্বাধীনতা আছে- নিজ নিজ ধর্ম পালন করার জন্য এবং ইসলাম মানবতার ধর্ম। এই ধর্ম সঠিক ভাবে পালন করলে বেহেশতে যাওয়া যাবে। আর ধর্ম পালনে অবহেলা করলে জাহান্নামে যেতে হবে। ধর্মীয় এই বিধানের ব্যাপারে সকল সংসদ সদস্য অবগত আছেন। আশা করি তারা ধর্মপ্রাণ মানুষ হিসেবে আল্লাহ প্রদত্ত নির্দেশ যথাযথ ভাবে পালনের চেষ্টা করবেন।