জাতীয় পিপলস অ্যাকশন (এনপিএ)-এর কেন্দ্রীয় ও কাউন্সিল সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি মেঘমল্লার বসুকে গতকাল মধ্যরাতে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধারের পর হাসপাতালে নেওয়া হয়েছে। প্রয়োজনীয় চিকিৎসা শেষে বর্তমানে তিনি শঙ্কামুক্ত আছেন বলে নিশ্চিত হয়েছে দ্য ডেইলি ক্যাম্পাস।
সোমবার (৭ সেপ্টেম্বর) মধ্যরাতে ফেসবুক পোস্টে বাবার পাশে সমাহিত করার ইঙ্গিতের জের ধরে সোহরাওয়ার্দী মেডিকেলের গেট থেকে তাকে উদ্ধার করেন দলীয় নেতাকর্মীরা। পরে সেখান থেকে দ্রুত ঢামেকের জরুরি বিভাগে নিয়ে আসা হয় তাকে। সেখানে চিকিৎসার পর তিনি বর্তমানে আশঙ্কামুক্ত আছেন বলে দ্য ডেইলি ক্যাম্পাসকে জানিয়েছেন ঢাবি শাখা ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ মোস্তাকিম।
তিনি জানান, ‘চিকিৎসার পর তার শারীরিক অবস্থা এখন শঙ্কামুক্ত। আপাতত হাসপাতালে রেস্টে আছেন।’
মেঘমল্লার বসুর আত্মহত্যার কারণ জানতে চাইলে তিনি বলেন, ‘দীর্ঘদিন ধরে তিনি সামগ্রিক অবস্থা নিয়ে মানসিকভাবে চিন্তিত ছিলেন।’
মেঘমল্লার নিখোঁজ হওয়ার পর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাধারণ সম্পাদক এস এম ফরহাদ বলেন, ‘মেঘমল্লার বসু দাদার ফেসবুকে পোস্ট দেখেই খোঁজ নেওয়া শুরু করি। সম্ভাব্য সব জায়গায় কথা বলেও তার সন্ধান পাচ্ছিলাম না। তবে পরে জানতে পারি, সোহরাওয়ার্দী উদ্যানের গেটে তাকে পাওয়া গেছে।’