Image description

সাবেক রেলমন্ত্রী মুজিবুল হকের কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানা এলাকায় ২৮৪ শতক জমি ও দুটি জিপ জব্দের আদেশ দিয়েছেন আদালত। পাশাপাশি ছয়টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দেওয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ শাহজাহান কবির এ আদেশ দেন।

এদিন দুদকের সহকারী পরিচালক পাপন কুমার সাহা আবেদনটি করেন। ওই আবেদনে তিনি উল্লেখ করেন, মুজিবুল হক সাবেক মন্ত্রী ও সংসদ সদস্য হিসেবে তথা পাবলিক সার্ভেন্ট হিসেবে দায়িত্ব পালনকালে ক্ষমতার অপব্যবহারপূর্বক অবৈধভাবে পরস্পর যোগসাজশে ও অসৎ উদ্দেশ্যে ৭ কোটি ৩৯ লাখ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনপূর্বক নিজ ভোগদখলে রাখায় একটি মামলা দায়ের করা হয়। মামলাটি তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য তদন্তকারী কর্মকর্তা নিয়োগ করা হয়েছে।

তদন্তকালে রেকর্ডপত্র পর্যালোচনায় দেখা যায়, আসামি তার নামীয় ও স্বার্থসংশ্লিষ্ট স্থাবর ও অস্থাবর সম্পদ অন্যত্র হস্তান্তর, স্থানান্তর বা বেহাত করার প্রচেষ্টা করছেন। মামলা নিষ্পত্তির পূর্বে সম্পত্তি হস্তান্তর বা স্থানান্তর হয়ে গেলে সমূহ ক্ষতির আশঙ্কা রয়েছে। সুষ্ঠু তদন্তের স্বার্থে এসব সম্পদ জব্দ ও অবরুদ্ধ করা একান্ত প্রয়োজন। শুনানি শেষে আদালত আবেদনটি মঞ্জুর করেন।

 

 

এর আগে গত ১৩ অক্টোবর সাবেক এই মন্ত্রীর স্ত্রী হনুফা আক্তার রিক্তার জমি-ফ্ল্যাট ও তার নামে থাকা পাঁচটি ব্যাংক হিসাবও অবরুদ্ধের আদেশ দেন আদালত। ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. সাব্বির ফয়েজের দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।

হনুফা আক্তার রিক্তার জব্দ হওয়া সম্পত্তিগুলোর মধ্যে রয়েছে কুমিল্লার চান্দিনা উপজেলার গল্লাই মৌজায় সাড়ে ৩৩ শতক জমি ও রাজধানীর ধানমন্ডি আবাসিক এলাকায় ৪৭৮০ বর্গফুটের ফ্ল্যাট। এসব সম্পত্তির বাজার মূল্য ১ কোটি সাত লাখ ৪৮ হাজার টাকা বলে তদন্তকারী কর্মকর্তা আবেদনে উল্লেখ করেছেন। অপর দিকে পাঁচটি ব্যাংক হিসাবে ১৯ লাখ ৭৩ হাজার টাকা রয়েছেন বলে তদন্তকারী কর্মকর্তা আবেদনে উল্লেখ করেন।