Image description

ভারতে অবৈধভাবে প্রবেশের অভিযোগে কর্ণাটকের বেঙ্গালুরু থেকে আটক করা ৩১ জন কথিত অভিবাসীকে বাংলাদেশে ফেরত পাঠানোর (পুশইন) উদ্দেশ্যে পশ্চিমবঙ্গের মালদহে নিয়ে আসা হয়েছে।

 

বুধবার (২ সেপ্টেম্বর) কঠোর নিরাপত্তা বেষ্টনীতে ট্রেনে করে তাদের মালদহ শহরের একটি হোল্ডিং সেন্টারে পৌঁছানো হয়।

 

আটককৃতদের ভারতীয় কর্তৃপক্ষ ‘অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশি’ বলে দাবি করেছে। এই দলের মধ্যে একাধিক শিশু এবং কয়েকটি পরিবারের সদস্যরা রয়েছেন।

 

সূত্র জানায়, বেঙ্গালুরু পুলিশ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে স্থানীয় ডিটেনশন সেন্টারে রেখেছিল।

 

সেখান থেকে বিএসএফ ও স্থানীয় পুলিশের যৌথ তত্ত্বাবধানে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া এবং ট্রানজিটের জন্য গত সোমবার প্রি-বুক করা বিশেষ রেল কোচে তুলে বেঙ্গালুরু থেকে মালদহের উদ্দেশে পাঠানো হয়।

 

বুধবার মালদায় পৌঁছানোর পর তাদের আপাতত জেলা প্রশাসনের নিয়ন্ত্রণাধীন হোল্ডিং সেন্টারে রাখা হয়েছে।

 

মালদহ জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, প্রয়োজনীয় প্রশাসনিক ও আইনি আনুষ্ঠানিকতা দ্রুত সম্পন্ন করে তাদের সীমান্ত দিয়ে বাংলাদেশে ঠেলে দেওয়ার (পুশইন) প্রক্রিয়া শুরু করা হচ্ছে।