প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিগত সরকারের সময় আমাদের সরকারি প্রতিষ্ঠান বাপেক্সকে রীতিমতো পঙ্গু করে রাখা হয়েছিল। তার ফলে দীর্ঘ দিনের যে অপর্যাপ্ত গ্যাস অনুসন্ধান ও আমদানি নির্ভরতার কারণে সৃষ্ট জ্বালানি সংকট সমাধানের জন্য কয়েকটি কদক্ষেপ নিয়েছে সরকার।
আজ বুধবার (২ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে সংরক্ষিত মহিলা আসনের সদস্য সেলিনা সুলতানার করা ‘বর্তমানে অপর্যাপ্ত গ্যাস অনুসন্ধান ও আমদানি নির্ভরতার কমানোর জন্য সরকারের কর্ম পরিকল্পনা কী?’—প্রশ্নে এ পদক্ষেপের কথা জানান প্রধানমন্ত্রী।
প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, দেশীয় গ্যাস উৎপাদন বৃদ্ধির অংশ হিসেবে ১৫০ টি কূপ খনন কর্মসূচির আওতায় ৩০ টি কূপ খনন সম্পন্ন হয়েছে। এর মাধ্যমে ১৪০ এমএমসিএফ গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে। বর্তমানে চলমান আরও ৭ টি কূপের খনন কাজ সম্পন্ন হলে ৮৫ এমএমসিএফ গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হবে। অবশিষ্ট কূপসমূহ খননের জন্য পর্যায়ক্রমে পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। এ ছাড়াও দেশীয় গ্যাসের উৎস অনুসন্ধানের লক্ষ্যে আরও বিভিন্ন পদক্ষেপ গ্রহণের উদ্যোগ নেওয়া হয়েছে।