Image description

চীনে সাম্প্রতিক সফরকে বাংলাদেশের শিক্ষা খাতের জন্য একটি মাইলফলক হিসেবে উল্লেখ করেছেন শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, এ সফরের মাধ্যমে বাংলাদেশ ও চীনের মধ্যে শিক্ষা ক্ষেত্রে আরও দৃঢ় ও দীর্ঘমেয়াদি সংযোগ তৈরি হবে।

চীন সফর শেষে সোমবার দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, শিক্ষামন্ত্রীর নেতৃত্বে গত ২৫ থেকে ২৯ আগস্ট পর্যন্ত চীন সফর করে বাংলাদেশের একটি প্রতিনিধিদল। প্রতিনিধি দলে প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা ড. মাহদী আমিন এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মো. দাউদ মিয়াও ছিলেন।

মন্ত্রী বললেন, সফরকালে চীন–বাংলাদেশ ভোকেশনাল এডুকেশন, ট্রেনিং অ্যান্ড রিসার্চ সেন্টার প্রতিষ্ঠার লক্ষ্যে একটি সমঝোতা স্মারক সই হয়েছে। এ সহযোগিতা কাঠামোর আওতায় কারিগরি প্রশিক্ষণ কর্মসূচি, দ্বিভাষিক শিক্ষাসামগ্রী তৈরি, শিক্ষা ও শিল্পখাতের মধ্যে সংযোগ, গবেষণা কেন্দ্র প্রতিষ্ঠা, শিল্পভিত্তিক প্রশিক্ষণ এবং বিশেষায়িত প্রশিক্ষণসহ বিভিন্ন ক্ষেত্রে দুই দেশ একসঙ্গে কাজ করবে।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, সফরকালে তিনটি বড় সহযোগিতা প্ল্যাটফর্ম উদ্বোধন করা হয়েছে। এগুলো হলো চীন–বাংলাদেশ ভোকেশনাল টিচার ট্রেনিং সেন্টার, বাংলাদেশ ভোকেশনাল এডুকেশন রিসার্চ সেন্টার এবং বাংলাদেশ ‘চাইনিজ ল্যাঙ্গুয়েজ প্লাস স্কিল ডেভেলপমেন্ট’ সহযোগিতা কেন্দ্র।

শিক্ষামন্ত্রী উল্লেখ করেন, এসব উদ্যোগ বাংলাদেশ ও চীনের দীর্ঘমেয়াদি অংশীদারত্বকে আরও শক্তিশালী করবে। একই সঙ্গে বাংলাদেশের তরুণদের শিক্ষা, ব্যবহারিক দক্ষতা, শিল্পখাতের চাহিদা ও ভবিষ্যৎ কর্মসংস্থানের মধ্যে আরও দৃঢ় সংযোগ তৈরি হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আ ন ম এহছানুল হক মিলন জানালেন, চীন সফরে তারা দেশটির শিক্ষা ব্যবস্থার সঙ্গে শিল্পখাতের শক্তিশালী সংযোগ দেখেছেন।

মন্ত্রী দাবি করেন, ‘চীন সফরে আমরা দেখেছি, তাদের ইন্ডাস্ট্রি-একাডেমিয়া লিংকেজ অত্যন্ত শক্তিশালী। আমরাও সেই মডেল অনুসরণ করতে চাই।’

চীনের শিক্ষা ব্যবস্থার প্রশংসা করে তিনি বলেন, দেশটি বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য বৃত্তির সুযোগও দিচ্ছে।

এ সময় শিক্ষামন্ত্রী স্পষ্ট করেন, চীন থেকে বাংলাদেশে ভাষাশিক্ষক হিসেবে আসা শিক্ষকদের ভিসা প্রক্রিয়া আগে কিছুটা জটিল ছিল। সেই প্রক্রিয়া সহজ করার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি বিদেশে পড়তে যেতে ইচ্ছুক শিক্ষার্থীদের জন্য ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগও নেওয়া হয়েছে বলে তিনি জানান।

সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা ড. মাহদী আমিন এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মো. দাউদ মিয়াসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।