সৌদি আরবের তায়েফে সৌদি তরুণের বিরুদ্ধে কামরুল জামান নামে এক প্রবাসী বাংলাদেশিকে গুলি করে হত্যার অভিযোগ উঠেছে।
রোববার (৩০ আগস্ট) স্থানীয় সময় ভোর চারটার দিকে তায়েফের হাওয়াইয়া এলাকায় তিনি নিহত হন।
বিষয়টি নিশ্চিত করেছেন নিহত কামরুল জামানের ভগ্নিপতি একরামুল হক।
জানা গেছে, কামরুল জামান কর্মস্থল থেকে বাসায় ফেরার পথে রাস্তায় দাঁড়িয়ে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলছিলেন। হঠাৎ এক সৌদি তরুণ তাকে লক্ষ্য করে গুলি চালায়। এ সময় প্রাণ বাঁচাতে কামরুল দৌড়ে তার কর্মস্থল সুপার মার্কেটের ভেতরে ঢুকে পড়েন। সেখানে কর্মরত অন্য দুই কর্মী এ সময় আতঙ্কে পালিয়ে যান। পরে হামলাকারী সুপার মার্কেটের ভেতরে ঢুকে কামরুলকে পরপর তিন রাউন্ড গুলি করেন। এরপর ওই সৌদি তরুণও নিজের মাথায় গুলি করে আত্মহত্যা করেন বলে জানিয়েছে সৌদি পুলিশ।
তবে কী কারণে ওই তরুণ কামরুল জামানকে হত্যা করেন সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি। জানা গেছে, আড়াই বছর আগে জীবিকার তাগিদে সৌদিতে পাড়ি জমান নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার কুতুবপুর গ্রামের খোরশেদ আলমের ছেলে কামরুল জামান। দেশে তার স্ত্রী ও দুই পুত্রসন্তান রয়েছে।