জামায়াতের ঘোষিত লং মার্চকে কেন্দ্র করে আওয়ামী লীগের ব্যাপক অংশগ্রহণের প্রস্তুতি চলছে—এমন দাবি করে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান বলেছেন, জামায়াত ও আওয়ামী লীগ মিলে দেশকে অশান্ত করার মিশনে নেমেছে—এমন তথ্য তাদের কাছে রয়েছে।
রোববার (৩০ আগস্ট) দুপুরে জাতীয় প্রেসক্লাবে ‘দেশ বাঁচাও, মানুষ বাঁচাও আন্দোলন’-এর উদ্যোগে আয়োজিত ‘দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অবদান, সার্বভৌমত্ব ও গণতন্ত্র’ শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি এসব কথা বলেন।
রাশেদ খান বলেন, লং মার্চ জনগণের পক্ষে, নাকি গণহত্যাকারীদের পক্ষে? জামায়াত এখনো স্পষ্ট করেনি, আওয়ামী লীগ বা গণহত্যাকারীদের কেউ তাদের লং মার্চে অংশ নিতে পারবে কি না। এ বিষয়ে জামায়াতের আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানের কাছে অবস্থান পরিষ্কার করার আহ্বান জানান তিনি।
তিনি বলেন, আপনারা অনতিবিলম্বে ঘোষণা করুন, আওয়ামী লীগকে সঙ্গে নিয়ে এই লং মার্চ করবেন, নাকি আওয়ামী লীগকে দূরে রেখে করবেন।
জামায়াত এ বিষয়ে অবস্থান স্পষ্ট না করলে তাদের পরিকল্পনা নিয়ে যে সন্দেহ তৈরি হয়েছে, তা আরও ঘনীভূত হবে বলেও মন্তব্য করেন রাশেদ খান।