Image description

অভিনয় জগতে দীপা খন্দকারের পথচলা আড়াই দশকেরও বেশি সময়ের। দীর্ঘ এই ক্যারিয়ারে নাটক, টেলিছবি, চলচ্চিত্রে বিভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করে দর্শকের মনে আলাদা জায়গা করে নিয়েছেন তিনি। নায়িকা থেকে কখনো কখনো ফুফু, কখনো বোন আবার কখনো মা; বৈচিত্র্যময় চরিত্রে নিজেকে মানিয়ে নিয়ে অভিনয়ের দক্ষতায় মুগ্ধ করে চলেছেন দর্শকদের।

দীর্ঘ অভিনয়জীবনে যেমন পেয়েছেন অসংখ্য মানুষের ভালোবাসা, তেমনি ক্যারিয়ারের শুরুর দিকের নানা স্মৃতিও এখনো মনে রেখেছেন এই অভিনেত্রী। বিশেষ করে জীবনের প্রথম পারিশ্রমিক পাওয়ার স্মৃতি তার কাছে বেশ আনন্দের

বিজ্ঞাপন

সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের প্রথম পারিশ্রমিক পাওয়ার গল্প বলতে গিয়ে দীপা খন্দকার জানান, ক্যারিয়ারের শুরুতে তিনি ‘লিপটন তাজা চা’র একটি কাজ করেছিলেন। সেখান থেকেই প্রথমবার পারিশ্রমিক পান তিনি। দীপা বলেন, ‘প্রথম তো ওই যে বললাম, লিপটন তাজা চা ওদের কাজ করেছিলাম। ওরা আমাকে পাসপোর্ট করে দিয়েছিল। প্রথম দেশের বাইরে গেলাম। সেসবকিছু করার পর ওরা আমাকে ২০ হাজার টাকা পেমেন্টও দিয়েছিল।’

তখনকার সময়ের কথা স্মরণ করে অভিনেত্রী বলেন, ‘তখন মাত্র ৫ হাজার টাকা ছিল ১০০ ডলার।’

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

প্রথম পারিশ্রমিক হাতে পাওয়ার পর সেটি শুধু নিজের জন্য খরচ করেননি দীপা। বরং পরিবারের সদস্য, বন্ধু ও কাছের মানুষদের জন্য উপহার কিনে আনন্দ ভাগ করে নিয়েছিলেন। সেই স্মৃতিও বেশ আবেগ নিয়ে জানিয়েছেন তিনি।

দীপা খন্দকার বলেন, ‘আমার মনে আছে, বাসার সবার জন্য গিফট কিনেছি। আমার বন্ধু-বান্ধবের জন্য গিফট কিনেছিলাম। স্কুল ফ্রেন্ডদের জন্যও গিফট কিনে নিয়ে এসেছিলাম।’ 

দীপা খন্দকারের অভিনয়জীবনের শুরুটা ছিল বিজ্ঞাপন ও ছোট পর্দার বিভিন্ন কাজের মধ্য দিয়ে। সময়ের সঙ্গে সঙ্গে অভিনয়ে নিজের জায়গা শক্ত করেছেন তিনি। চরিত্রের ধরন নিয়ে কখনো নির্দিষ্ট গণ্ডিতে নিজেকে আটকে রাখেননি। ফলে একদিকে যেমন গল্পের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন, অন্যদিকে পার্শ্বচরিত্রেও নিজের উপস্থিতি দিয়ে দর্শকের নজর কেড়েছেন।