Image description

বাংলাদেশের নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়ে চিঠি দিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি চিনপিং। চিঠিতে চীন-বাংলাদেশ দ্বিপক্ষীয় সম্পর্কের প্রশংসা করে ভবিষ্যতে দুই দেশের সহযোগিতা আরও বাড়ানোর আগ্রহের কথা জানিয়েছেন তিনি।

 

সোমবার (২৪ আগস্ট) ঢাকায় চীনা দূতাবাসের ফেসবুক পেজে প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

 

চিঠিতে শি চিনপিং বলেন, চীন ও বাংলাদেশ দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ প্রতিবেশী। কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার পর গত ৫১ বছরে দুই দেশ একে অপরকে সম্মান ও সমতার ভিত্তিতে সম্পর্ক বজায় রেখে আসছে।

 

দুই দেশের মৌলিক স্বার্থ ও প্রধান উদ্বেগের বিষয়ে একে অপরকে সমর্থন এবং হাতে হাত রেখে নিজ নিজ আধুনিকায়নের পথ অনুসন্ধানের কথাও উল্লেখ করেন চীনের প্রেসিডেন্ট।

 

শি বলেন, ‘পরিবর্তনশীল আন্তর্জাতিক পরিস্থিতির পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে চীন-বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্ক।’

 

ঐতিহ্যবাহী বন্ধুত্ব এগিয়ে নেওয়া, কৌশলগত যোগাযোগ জোরদার, বেল্ট অ্যান্ড রোড উদ্যোগের আওতায় সহযোগিতা আরও জোরদার করা এবং বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণে রাষ্ট্রপতি মির্জা ফখরুলের সঙ্গে বেইজিং কাজ করতে প্রস্তুত বলেও জানান তিনি।

 

চীনা দূতাবাসের বিবৃতিতে বলা হয়, এসব উদ্যোগের মাধ্যমে নতুন যুগে ‘অভিন্ন ভবিষ্যতের জন্য চীন-বাংলাদেশ কমিউনিটি’ গড়ে তোলার কাজ এগিয়ে নিতে চান শি। এর মধ্য দিয়ে দুই দেশের সম্পর্ক আরও গভীর করার পাশাপাশি দুই দেশের জনগণের জন্য ধারাবাহিকভাবে বাস্তব সুফল বয়ে আনার প্রত্যাশার কথাও জানিয়েছেন তিনি।

 

গত শুক্রবার সন্ধ্যায় শপথ নিয়ে বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর আগে স্থানীয় সরকারমন্ত্রী ও ক্ষমতাসীন বিএনপির মহাসচিবের দায়িত্বে ছিলেন তিনি। রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর ওই দুই পদ ছেড়ে দেন বিএনপির এই জ্যেষ্ঠ রাজনীতিক।