Image description

রংপুর-২ (বদরগঞ্জ-তারাগঞ্জ) আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম বলেছেন, থানায় কোনো ভুক্তভোগী সেবা নিতে এলে তার কথা গুরুত্বসহকারে শুনতে হবে এবং প্রয়োজনীয় আইনগত সহায়তা দিতে হবে। কোনো নিরপরাধ ব্যক্তি যেন হয়রানিমূলক মামলার শিকার না হন এবং বিশেষ করে রাজনৈতিক কারণে কেউ যেন হয়রানির শিকার না হন, সে বিষয়ে পুলিশ কর্মকর্তাদের সতর্ক থাকার আহ্বান জানান তিনি। 

সোমবার তিনি বদরগঞ্জ জোনাল অফিস এবং সকাল ১১টার দিকে বদরগঞ্জ থানা পরিদর্শন তাহলে তিনি এসব কথা বলেন।

 

রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর বদরগঞ্জ জোনাল অফিস পরিদর্শনকালে তিনি কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে পরিচিত হন এবং মতবিনিময় করেন। এ সময় বিদ্যুৎ সরবরাহ, লোডশেডিং ও সেবা নিয়ে সাধারণ মানুষের বিভিন্ন অভিযোগের বিষয় তুলে ধরেন তিনি। গ্রাহকদের আরও সুন্দর ও মানসম্মত সেবা নিশ্চিত করতে কর্মকর্তা-কর্মচারীদের প্রতি আহ্বান জানান।

 

এ সময় বিদ্যুৎ অফিসের কর্মকর্তারা তাঁদের বিভিন্ন সীমাবদ্ধতার কথা তুলে ধরেন এবং গ্রাহকদের আরও ভালো সেবা প্রদানে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার কথা জানান।

 

এ সময় উপস্থিত ছিলেন রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর জেনারেল ম্যানেজার (জিএম) মো. মনোয়ারুল ইসলাম ফিরোজী, ডিজিএম বিপ্লব কুমার পাল, বদরগঞ্জ উপজেলা জামায়াতের আমীর মাওলানা কামরুজ্জামান, নায়েবে আমীর শাহ মুহাম্মাদ রুস্তম আলী, উপজেলা সেক্রেটারি মাওলানা মিনহাজুল ইসলাম প্রমুখ।

 

বিদ্যুৎ অফিস পরিদর্শন শেষে এটিএম আজহারুল ইসলাম বদরগঞ্জ থানা পরিদর্শনে যান। থানা ফটকে পৌঁছালে পুলিশ সদস্যরা তাঁকে স্বাগত জানান। পরে তিনি থানায় দায়িত্বরত পুলিশ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।

 

পরিদর্শনকালে বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান জাহিদ সরকার এমপি মহোদয়কে থানার বিভিন্ন অবকাঠামো ও পুলিশ কর্মকর্তাদের অফিস ঘুরিয়ে দেখান। এ সময় পুলিশ সদস্যরা তাঁদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরলে তিনি সেগুলো মনোযোগ দিয়ে শোনেন।

 

এ সময় উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং বিশেষ করে তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখতে মাদক ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান এটিএম আজহারুল ইসলাম।

 

তিনি বলেন, থানায় কোনো ভুক্তভোগী সেবা নিতে এলে তাঁর কথা গুরুত্বসহকারে শুনতে হবে এবং প্রয়োজনীয় আইনগত সহায়তা দিতে হবে। একই সঙ্গে কোনো নিরপরাধ ব্যক্তি যেন হয়রানিমূলক মামলার শিকার না হন এবং বিশেষ করে রাজনৈতিক কারণে কেউ যেন হয়রানির শিকার না হন, সে বিষয়ে সতর্ক থাকার জন্য পুলিশ কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান তিনি।

 

এ সময় উপস্থিত ছিলেন বদরগঞ্জ উপজেলা জামায়াতের আমীর মাওলানা কামরুজ্জামান, নায়েবে আমীর শাহ মুহাম্মাদ রুস্তম আলী, উপজেলা সেক্রেটারি মাওলানা মিনহাজুল ইসলাম প্রমুখ।

 

এরপর এটিএম আজহারুল ইসলাম গোপীনাথপুর হায়দারীয়া উচ্চ বিদ্যালয় মাঠে শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় এবং ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠানে যোগ দেন।

 

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি শিক্ষার্থীদের বিভিন্ন দিকনির্দেশনা দেন। মনোযোগ দিয়ে পড়াশোনার পাশাপাশি শরীর ও মন সুস্থ রাখতে নিয়মিত খেলাধুলা করার পরামর্শ দেন তিনি। একই সঙ্গে বাবা-মা ও শিক্ষকদের সঙ্গে উত্তম আচরণ করার আহ্বান জানান।

 

এটিএম আজহারুল ইসলাম শিক্ষার্থীদের নিজ নিজ ধর্মীয় অনুশাসন মেনে চলার ওপরও গুরুত্বারোপ করেন। তিনি বলেন, সব ধর্মই মানুষকে নৈতিকতা ও ভালো কাজের শিক্ষা দেয়। নৈতিক শিক্ষায় শিক্ষিত হয়ে শিক্ষার্থীরা ভবিষ্যৎ কর্মজীবনে ভালো মানুষ হিসেবে পরিবার, সমাজ ও রাষ্ট্রের জন্য গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবে।

 

পরে তিনি গোপীনাথপুর ইউনিয়নের ১০টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষকদের হাতে ফুটবল তুলে দেন।

 

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বদরগঞ্জ উপজেলা জামায়াতের আমীর মাওলানা কামরুজ্জামান, নায়েবে আমীর শাহ মুহাম্মাদ রুস্তম আলী, উপজেলা সেক্রেটারি মাওলানা মিনহাজুল ইসলাম প্রমুখ।