আগামী ৩১ আগস্ট উজবেকিস্তানে শুরু হবে ২০২৭ এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের বাছাই পর্বের খেলা। এই প্রতিযোগিতা সামনে রেখে থাইল্যান্ডের কয়েকটি প্রস্তুতি ম্যাচ খেলতে চেয়েছিল বাংলাদেশ। কিন্তু দেরিতে ভিসা পাওয়ায় সেই সফর বাতিল করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। এখন ঢাকাতেই প্রস্তুতি ক্যাম্প গড়বে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। ফর্টিস ও পুলিশ এফসির বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলার পরিকল্পনা রয়েছে তাদের। এশিয়ান কাপের মূলপর্বে জায়গা করে নেওয়ার টার্গেট বাংলাদেশের। এরই মধ্যে যশোরের শামসুল হুদা একাডেমিতে দীর্ঘমেয়াদি ক্যাম্প হয়েছে। বর্তমানে ইংলিশ কোচ জেরার্ড জোনসের অধীনে ঢাকার কমলাপুর স্টেডিয়ামে যুব দলের অনুশীলন চলছে। দলে আছেন পাঁচ প্রবাসী ফুটবলারও।
এশিয়ান কাপ বাছাই পর্বে বাংলাদেশ ‘বি’ গ্রুপে স্বাগতিক উজবেকিস্তান, ভারত ও সিরিয়ার বিপক্ষে খেলবে। ৩১ আগস্ট উজবেকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের মিশন। এরপর ৩ সেপ্টেম্বর সিরিয়া এবং ৬ সেপ্টেম্বর ভারতের মুখোমুখি হবে তারা। গ্রুপ চ্যাম্পিয়ন কিংবা রানার্সআপ হলেও এশিয়ান কাপের মূল পর্বে খেলার সুযোগ থাকবে বাংলাদেশের।