Image description

পঞ্চগড় সীমান্তে অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৪৮টি ভারতীয় গরু আটক করেছে নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি)। বুধবার (১৯ আগস্ট) পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের চিয়াপাড়া সীমান্ত এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

 

বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্ত এলাকায় মাদকদ্রব্যসহ সব ধরনের চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান ও গোয়েন্দা তৎপরতা চালিয়ে আসছে নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি)। এরই ধারাবাহিকতায় বুধবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়।

 

অধিনায়ক, নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি)-এর পরিকল্পনা ও নির্দেশনা অনুযায়ী ঘাগড়া বিওপির একটি বিশেষ টহল দল এ অভিযান পরিচালনা করে। দলটির নেতৃত্ব দেন সুবেদার মো. রফিকুল ইসলাম।

 

বিজিবি জানায়, অভিযানের সময় সীমান্ত পিলার ৭৫৫/৮-এস থেকে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের চিয়াপাড়া এলাকায় অভিযান চালানো হয়। এ সময় মালিকবিহীন অবস্থায় ৪৮টি ভারতীয় গরু আটক করা হয়।

 

বিজিবির দাবি, সীমান্ত এলাকায় মাদকদ্রব্য ও সব ধরনের চোরাচালান প্রতিরোধে গোয়েন্দা তৎপরতা এবং অভিযানিক কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। সীমান্ত দিয়ে মাদকদ্রব্যের অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান প্রতিরোধে বিজিবি সতর্ক ও দৃঢ় অবস্থানে রয়েছে।

 

নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি) জানিয়েছে, সীমান্ত এলাকায় অবৈধভাবে মাদক ও অন্যান্য পণ্য প্রবেশ এবং চোরাচালান বন্ধে নজরদারি অব্যাহত থাকবে। পাশাপাশি চোরাচালানের বিরুদ্ধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।