Image description
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন শেষে বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং মা প্রয়াত খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
 
বৃহস্পতিবার (২০ আগস্ট) রাত ৮টায় কবর জিয়ারত করতে রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানের পৌঁছান তিনি।
 
দীর্ঘ ৩৫ বছর পর জাতীয় সংসদে সরাসরি ভোটের মাধ্যমে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার বিকাল ৫টা ২০ মিনিটের দিকে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগণনা শেষে মির্জা ফখরুলকে বিজয়ী ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
 
নির্বাচনে বৈধ ব্যালট পেপারের মধ্যে ১১ দলীয় ঐক্য জোটের প্রার্থী অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদ পেয়েছেন ৮৮টি ভোট। এ ছাড়া বিএনপি মনোনীত মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৫৫টি ভোট পেয়েছেন। সর্বোচ্চ সংখ্যক ভোট পেয়ে রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
 
ভোটগ্রহণ শেষে ভোট গণনা শুরু হয়। এ সময় নির্বাচন কমিশনের সদস্যরাসহ চিফ হুইপ নূরুল ইসলাম মনি ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম পাশেই দাঁড়িয়ে ছিলেন। একপর্যায়ে ভোট গণনা শেষে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের ফলাফল ঘোষণা করেন সিইসি এ এম এম নাসির উদ্দিন।