প্রধানমন্ত্রী তারেক রহমানের সিদ্ধান্তে মন্ত্রিসভায় রদবদল ও সম্প্রসারণের আভাস পাওয়া গিয়েছিল আগেই। সরকার সংশ্লিষ্ট একাধিক সূত্র বলছে, এবার মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় এমপি।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে আসন সমঝোতা না হওয়ায় জানুয়ারি মাসে বিএনপির সঙ্গে নাগরিক ঐক্যের সম্পর্ক ছেদ হয়। পরে মান্নাসহ ১২ জন প্রার্থী তাদের নিজস্ব প্রতীক ‘কেটলি’ নিয়ে আলাদাভাবে নির্বাচন করেছিলেন।
এদিকে বিদ্যমান মন্ত্রিসভায় বান্দরবান থেকে নির্বাচিত সংসদ সদস্য সাচিং প্রু জেরীকে পার্বত্য চট্টগ্রামবিষয়কমন্ত্রী এবং গাইবান্ধা-৪ আসনের এমপি মোহাম্মদ শামীম কায়সার লিংকনকে ধর্মবিষয়ক প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হচ্ছে বলে সূত্র জানিয়েছিল। এ বিষয়ে প্রজ্ঞাপন জারি হতে পারে যেকোনো সময়।
নতুন সদস্য অন্তর্ভুক্ত হলে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে রদবদলও হতে পারে। বিশেষ করে বিএনপির সদ্য সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় তার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব পুনর্বণ্টন করা হবে। পাশাপাশি আরও কয়েকটি মন্ত্রণালয়ে মন্ত্রী ও প্রতিমন্ত্রীর দায়িত্বে পরিবর্তন আনার বিষয়টি প্রধানমন্ত্রীর বিবেচনায় রয়েছে।
গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের মাধ্যমে প্রায় দুই দশক পর ক্ষমতায় আসে বিএনপি।
তারেক রহমানের নেতৃত্বে ১৭ ফেব্রুয়ারি গঠিত হয় নতুন সরকার। প্রধানমন্ত্রীকে নিয়ে বর্তমানে তার সরকারে ২৩ জন মন্ত্রী, ২৩ জন প্রতিমন্ত্রী এবং মন্ত্রী ও প্রতিমন্ত্রীর মর্যাদায় ১০ জন উপদেষ্টা রয়েছেন।
এখন পর্যন্ত তারেক রহমানের মন্ত্রিসভায় কোনো রদবদল হয়নি, তবে পদত্যাগ করেছেন পার্বত্য চট্টগ্রামবিষয়কমন্ত্রী দীপেন দেওয়ান। এ মন্ত্রণালয়ের ভার সামলাচ্ছেন প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন।