চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় ইয়াবা সেবনের আসর থেকে বরখাস্ত হওয়া এক পুলিশ সদস্যসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাদের তিন মাস করে কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত। একইসঙ্গে তাদের ২০০ টাকা করে জরিমানাও করা হয়।
আজ বৃহস্পতিবার সকালে এ সাজা দিয়ে তাদের কারাগারে পাঠান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ বায়েজিদ বিন আখন্দ।
সাজা পাওয়া দুজন হলেন- উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের সেনেরহাট এলাকার নিউটন সিকদার (৩৭) ও রাজেশ ধর (২৮)। বুধবার গভীর রাতে তাদের গ্রেপ্তার করা হয়।
লোহাগাড়া থানার উপপরিদর্শক (এসআই) জিয়াউল হুদা জানিয়েছেন, নিউটন সিকদার শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বরখাস্ত হওয়া পুলিশ কনস্টেবল। তিনি ইয়াবা বিক্রির সঙ্গে জড়িত। স্থানীয়দের অভিযোগ, তার বাড়িতে নিয়মিত ইয়াবা সেবনের আসর বসত।
এসআই জিয়াউল হুদা আরও জানান, পুলিশের ২০ সদস্যের একটি দল নিয়ে নিউটনের বাড়িতে ইয়াবা সেবনের আসরে অভিযান চালানো হয়। এ সময় কয়েকজন পালিয়ে যান। নিউটনকে আটক করতে গেলে তিনি পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু করেন। অন্যদিকে রাজেশ পাশের পুকুরে লাফ দেন। পরে সামান্য আহত অবস্থায় দুজনকে গ্রেপ্তার করা হয়। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেওয়া হয়েছে।
তিনি জানান, ইয়াবা সেবনের সরঞ্জামসহ গ্রেপ্তার দুজনকে বৃহস্পতিবার সকালে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। আদালত তাদের তিন মাস করে কারাদণ্ড ও ২০০ টাকা করে জরিমানা করেন।