বিদ্যমান সংবিধান মেনে সাংবিধানিক প্রক্রিয়ায় রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেওয়ায় বিরোধীদলকে অভিনন্দন জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
তিনি বলেছেন, নির্বাচনে অংশগ্রহণের মধ্য দিয়ে বিরোধীদল বিদ্যমান সংবিধান ও সাংবিধানিক প্রক্রিয়াকে স্বীকৃতি দিয়েছে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) জাতীয় সংসদে ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ ও ফলাফল ঘোষণার পর সাংবাদিকদের স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, আমি বিরোধীদলকে অভিনন্দন জানাই। তারা বিদ্যমান সংবিধান মেনে সাংবিধানিক প্রক্রিয়ায় রাষ্ট্রপতি নির্বাচনে অংশগ্রহণ করেছেন।
বিরোধীদলের প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়া কর্নেল (অব.) অলি আহমদও নির্বাচিত প্রার্থীকে অভিনন্দন জানিয়েছেন।
তিনি বলেন, এটাই গণতন্ত্রের সৌন্দর্য, এটাই গণতন্ত্রের জন্য শুভ লক্ষণ। বিদ্যমান সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির পদ শূন্য হলে নির্ধারিত সময়ে রাষ্ট্রপতি নির্বাচনের যে আইন রয়েছে, সেই আইন অনুযায়ী নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করে। সেই তফসিল অনুযায়ীই নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ নির্বাচনে অংশগ্রহণের মাধ্যমে বিরোধীদল সাংবিধানিক প্রক্রিয়া এবং বিদ্যমান সংবিধানকে স্বীকৃতি জানিয়েছে। এজন্য আমি তাদের আবারও অভিনন্দন জানাই।
তিনি আরও বলেন, বাংলাদেশের গণতন্ত্র চর্চার ক্ষেত্রে বিরোধীদল ও সরকারি দল নিজ নিজ অবস্থান থেকে বিভিন্ন ধরনের রাজনৈতিক বক্তব্য দিয়ে থাকে। কিন্তু দিন শেষে সাংবিধানিক প্রক্রিয়াকে স্বীকৃতি দিয়ে বিরোধীদল গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশগ্রহণ করেছে। এটাই গণতন্ত্রের জয়যাত্রা।