Image description

সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী এবং সাবেক মন্ত্রী ডা. দীপু মনির স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুর আড়াইটায় রাজধানীর বনানী কবরস্থানে তাকে দাফন করা হয়।

এর আগে গুলশান কেন্দ্রীয় আজাদ মসজিদে বাদ জোহর তার জানাজা অনুষ্ঠিত হয়। বেলা সোয়া ১২টায় ধানমন্ডির কলাবাগানের বাসা থেকে তৌফিক নেওয়াজের মরদেহ মসজিদে আনা হয়।

তৌফিক নেওয়াজের শেষ বিদায়ে তার স্ত্রী দীপু মনি, দুই সন্তান, পরিবারের অন্যান্য সদস্য, প্রতিবেশী ও সহকর্মীরা উপস্থিত ছিলেন। স্বামীর মৃত্যুর পর প্যারোলে ১২ ঘণ্টার জামিন পান কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেত্রী দীপু মনি।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় কলাবাগানে নিজ বাসভবনে আসেন দীপু মনি। সেখানেই প্রথম স্বামীর মরদেহ দেখেন তিনি। ফ্রিজিং গাড়িতে রাখা স্বামীর মরদেহ দেখে অশ্রুসিক্ত চোখে শেষ বিদায় জানান তিনি। পারিবারিক সূত্রে জানা গেছে, স্বামীর মৃত্যুতে দীপু মনি খুব ভেঙে পড়েছেন।

দীপু মনি ২০২৪ সালের গণআন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর গ্রেপ্তার হয়ে বিভিন্ন মামলায় বর্তমানে মুন্সিগঞ্জ কারাগারে আটক আছেন।

গত বুধবার দুপুরে দীপু মনির আইনজীবী গাজী ফয়সাল ইসলাম চার দিনের প্যারোলে মুক্তির আবেদন করেন। পরে মুন্সিগঞ্জের জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তির আবেদন মঞ্জুর করেন। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় তার প্যারোলের মেয়াদ শেষ হলে তাকে আবার মুন্সিগঞ্জ কারাগারে নেওয়া হবে।

তৌফিক নেওয়াজ গত মঙ্গলবার রাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে মারা যান। ৭৬ বছর বয়সী এই আইনজীবী দীর্ঘদিন ধরে কিডনি ও লিভারের নানা জটিলতায় ভুগছিলেন।