Image description

দেশের মূলধারার একাধিক সংবাদমাধ্যমে আদালত সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের স্থাবর সম্পত্তি ক্রোক ও অস্থাবর সম্পত্তি অবরুদ্ধের আদেশ দিয়েছেন দাবিতে প্রচার করা হয়েছে। তবে যাচাই করে দেখা গেছে, মো. সাহাবুদ্দিন নামে ভিন্ন এক ব্যক্তির সম্পত্তি জব্দের নির্দেশ দিয়েছেন আদালত।

 

বৃহস্পতিবার (২০ আগস্ট) মহানগর সিনিয়র স্পেশাল জজ ও মহানগর দায়রা জজ আদালত এ আদেশ দেন। দুর্নীতি দমন কমিশন (দুদক) আবেদনে ঢাকার সিদ্ধিক বাজার এলাকার বাসিন্দা মো. সাহাবুদ্দিনের সম্পত্তি জব্দের নির্দেশ দিয়েছেন আদালত। মামলার বিবরণে উল্লেখ করা হয়েছে, মো. সাহাবুদ্দিন নামের ওই ব্যক্তি ঢাকার সিদ্ধিক বাজারের বাসিন্দা। তার বাবার নাম আব্দুর রব। মো. সাহাবুদ্দিনের স্থায়ী ঠিকানা নোয়াখালী জেলার সদর উপজেলার মাতার বাড়ি গ্রামে। দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করায় মামলাটি দায়ের করা হয়।

 

দুদক ও মামলার বিবরণ সূত্রে জানা গেছে, তার বিরুদ্ধে এক কোটি ৮৭ লাখ ৪৭ হাজার ৩০৭ টাকা সম্পদ জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণভাবে অর্জন ও দখলে রাখার তথ্য পাওয়া যায়। এই সম্পদ তিনি ভোগ দখলে রেখেছেন উল্লেখ করে বলা হয়, আসামি অবৈধভাবে অর্জিত স্থাবর সম্পদসমূহ বিনষ্ট/হস্তান্তর করার অপচেষ্টা চালাতে পারে। যা মামলার সুষ্ঠু তদন্ত ও মামলা প্রমাণের ক্ষেত্রে সম্পত্তি সমূহ ক্রোক করার প্রয়োজনীয়তা দেখা দেয়।

 

অর্থাৎ, মো. সাহাবুদ্দিন নামে যে ব্যক্তির সম্পত্তি জব্দের নির্দেশ দিয়েছেন আদালত তিনি ঢাকার বাসিন্দা এবং তার স্থায়ী ঠিকানা নোয়াখালী জেলায়।তার বাবার নাম আব্দুর রব। অন্যদিকে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের গ্রামের বাড়ি পাবনা জেলার শিবরামপুর গ্রামে। তার পিতার নাম শরফুদ্দিন আনছারী ও মাতার নাম খায়রুন্নেসা।