প্রবাসীদের জন্য চলতি মাসের শেষ দিকে ‘প্রবাসী কার্ড’ চালু করা হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।
বুধবার (১৯ আগস্ট) দুপুরে মুন্সীগঞ্জ সদর উপজেলা পরিষদ অডিটরিয়ামে জেলা ছাত্র অধিকার পরিষদের আয়োজনে ‘জুলাই গণঅভ্যুত্থানের প্রত্যাশা, প্রাপ্তি ও ভবিষ্যৎ’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা জানান।
নুরুল হক নুর বলেন, ‘প্রবাসী কার্ড এটিএম কার্ডের মতো ব্যবহার করা যাবে। এর মাধ্যমে ব্যাংকিং লেনদেনের পাশাপাশি দেশে ফিরে সরকারি বিভিন্ন সেবা গ্রহণেও সুবিধা পাবেন প্রবাসীরা। সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে গেলেও কার্ডধারী প্রবাসীরা অগ্রাধিকার সুবিধা পাবেন।’
তিনি বলেন, ‘প্রবাসীদের দেশে ফেরার পর বিভিন্ন সমস্যা সমাধান ও সরকারি সেবা গ্রহণ সহজ করতে এই কার্ড গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’
আলোচনা সভায় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান রতন। প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সভাপতি নাজমুল হাসান। বিশেষ অতিথি ছিলেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক হাসান আল মামুন এবং মুন্সীগঞ্জ জেলা পরিষদের প্রশাসক এ কে এম ইরাদত মানু।
সভায় সভাপতিত্ব করেন মুন্সীগঞ্জ জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি মুহাম্মদ রাজু। অনুষ্ঠানের শেষে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যদের মাঝে আর্থিক অনুদান ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।