রাজধানীর এলিফ্যান্ট রোড সড়কে একটি ব্যাগের ভেতর কয়েকটি ককটেল সদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ।
এলিফ্যান্ট রোডের বাটা সিগন্যাল মোড়ে সোমবার (১৭ আগস্ট) রাত ১০টার দিকে এগুলো পড়ে থাকতে দেখা যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, কয়েকজন যুবককে ঘটনাস্থলে দেখা গিয়েছিল। তারা চলে যাওয়ার পর ব্যাগটি স্থানীয়দের নজরে। ব্যাগের ভেতর কয়েকটি বস্তু ককটেল সদৃশ হওয়ায় পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশের বিস্ফোরক নিষ্ক্রিয়কারী দল ঘটনাস্থলে আসে।
ডিএমপির রমনা জোনের উপ-কমিশনার (ডিসি) জাহিদুল ইসলাম গণমাধ্যমকে বলেন, লাল স্কচটেপে মোড়ানো বস্তুগুলো দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়। তারা ঘটনাস্থলে গিয়ে বস্তুগুলো পরীক্ষা-নিরীক্ষার জন্য নিয়ে গেছে।
তিনি বলেন, সেগুলো আসলেই ককটেল নাকি ককটেলসদৃশ কোনও বস্তু, তা পরীক্ষা-নিরীক্ষার পর জানা যাবে। এ ঘটনায় তদন্ত চলছে।