চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় আরো ৩৩ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। তবে এ সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি।
সোমবার চট্টগ্রামের সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদন থেকে জানা যায়, নতুন শনাক্ত রোগীদের মধ্যে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ১৫ জন, চট্টগ্রাম জেনারেল হাসপাতালে পাঁচজন, বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঁচজন এবং সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) দুইজন ভর্তি হয়েছেন। এ ছাড়া নগরীর বিভিন্ন বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে আরো ছয়জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৭ আগস্ট পর্যন্ত চট্টগ্রামে মোট ১ হাজার ৪০৯ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে সরকারি হাসপাতালে ১ হাজার ১৬৭ জন এবং বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে ২৪২ জন চিকিৎসা নিয়েছেন।
এ সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে চট্টগ্রামে মোট তিনজনের মৃত্যু হয়েছে। বর্তমানে জেলার বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ১৪৪ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ হাজার ২৬৫ জন।
ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখা, জমে থাকা পানি অপসারণ এবং মশার বংশবিস্তার রোধে জনসচেতনতা বাড়ানোর ওপর জোর দিচ্ছে স্বাস্থ্য বিভাগ।