আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিরোধী দলের সমালোচনা থাকলেও তা দৃশ্যত উড়িয়ে দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। গত ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে বলে দাবি করলেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রীর ভাষ্য, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সন্তুষ্টির বিষয়টি মূল্যায়ন করবে দেশের জনগণই। সরকারের পক্ষ থেকে বলা যায়, গত ছয় মাসে পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে।
আজ সোমবার দুপুরে সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ে ‘বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পে-কমিশন, ২০২৫’-এর প্রতিবেদন সংক্রান্ত সুপারিশ প্রণয়ন কমিটির সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমাদের মাত্র ছয় মাস হলো। এর মধ্যে অনেক সংস্কার কাজ করেছি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন প্রশংসনীয় উদ্যোগ আপনারা দেখেছেন। ১৮০ দিনে সরকারের নেওয়া ও বাস্তবায়িত বিভিন্ন উদ্যোগ এবং জনকল্যাণমুখী কর্মসূচি জনগণের কাছে প্রশংসিত হয়েছে।’
এর আগে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ অভিযোগ করেন, ‘সরকারের সাফল্যের চেয়ে ব্যর্থতার পাল্লাই ভারী। জনগণের প্রত্যাশা ও আকাঙ্ক্ষার বড় কোনো জায়গাতেই সফল হতে পারেনি এই প্রশাসন। শুরু থেকেই জুলাই সনদের প্রশ্নে জনগণের সঙ্গে এক ধরনের প্রতারণা করেছে। পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, জ্বালানি, বিদ্যুৎসংকট, ব্যাংক খাতে দলীয়করণসহ নানা ঘটনা জনমনে তৈরি করেছে উদ্বেগ। সব মিলিয়ে বর্তমান সরকারও পুরনো রাজনৈতিক ধারায় হাঁটছে।’
যদিও স্বরাষ্ট্রমন্ত্রীর বলছেন, দায়িত্ব গ্রহণের পর একের পর এক বৈশ্বিক ও অভ্যন্তরীণ সংকটের মুখোমুখি হলেও তা দক্ষতার সঙ্গে মোকাবিলা করেছে বিএনপি সরকার।
ইউক্রেন-রাশিয়া যুদ্ধের কারণে সৃষ্ট বৈশ্বিক জ্বালানি ও গ্যাস সংকটের বিষয়টি তুলে ধরে তিনি বলেন, ‘সংকটের ধাক্কা বিশ্বব্যাপী অনুভূত হলেও সরকার তাৎক্ষণিকভাবে দেশে জ্বালানি তেলের দাম বাড়ায়নি। বোরো মৌসুমে কৃষকদের স্বার্থ সুরক্ষায় প্রায় এক মাস মূল্য বাড়ানো হয়নি। পরে সহনীয় মাত্রায় দাম সমন্বয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
দীর্ঘদিনের গ্যাস ও জ্বালানি সংকট রাতারাতি সমাধান করা সম্ভব নয় উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বর্তমান সরকার টেকসই ও সুদূরপ্রসারী পরিকল্পনার মাধ্যমে সংকট উত্তরণে কাজ করছে। মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর পরিদর্শন শেষে সেখানে একটি পূর্ণাঙ্গ স্থলভিত্তিক এলএনজি টার্মিনাল স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া সামিট ও এক্সিলারেট এনার্জির ভাসমান টার্মিনালে প্রায়ই যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় সমস্যা সমাধানে একাধিক ভাসমান গ্যাস টার্মিনাল স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে এবং বর্তমানে স্থান নির্বাচনের জরিপ চলছে।’