Image description

প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ১ কোটি ২০ লাখ শিশুকে প্রতি বছর বিনামূল্যে বইয়ের পাশাপাশি স্কুল ড্রেস ও ব্যাগ দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, সুবিধাবঞ্চিত ও দরিদ্র পরিবারের সন্তানদের পড়াশোনায় উৎসাহিত করতে এবং প্রাথমিক শিক্ষার মান বাড়াতে সরকার এই উদ্যোগ নিয়েছে। প্রতি বর্ষে শিক্ষার্থীরা যেমন নতুন বই পায়, তেমনি এখন থেকে নতুন স্কুল ড্রেস ও ব্যাগও দেওয়া হবে।

জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে রোববার (১৬ আগস্ট) কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় পুরাতন ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্তকরণ, পোনা বিতরণ ও স্থানীয়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

শিক্ষার উন্নয়ন ও ভবিষ্যৎ প্রজন্মের বিকাশের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, নারীদের স্বাবলম্বী ও শিক্ষিত হিসেবে গড়তে দেশনেত্রী খালেদা জিয়া যেমন দ্বাদশ শ্রেণি পর্যন্ত নারী শিক্ষা অবৈতনিক করেছিলেন, বর্তমান সরকার অনার্স পর্যন্ত তা করার সিদ্ধান্ত নিয়েছে। নারীদের উচ্চশিক্ষার যাবতীয় ব্যয় সরকার বহন করবে এবং ভালো ফলাফলের জন্য উপবৃত্তি দেওয়া হবে।

বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী সারা দেশে খাল খনন কর্মসূচি পুরোদমে শুরু হয়েছে জানিয়ে সরকারপ্রধান বলেন, এর ফলে কৃষকরা যেমন সেচ সুবিধা পাচ্ছেন, তেমনি স্থানীয়রা পানির সুবিধা ভোগ করছেন। পানির সর্বোত্তম ব্যবহারের অংশ হিসেবে নদী ও বড় বড় খালগুলোতে পর্যায়ক্রমে মাছের পোনা অবমুক্ত করা হচ্ছে, যাতে খাদ্য ও পুষ্টির চাহিদা পূরণ হয়।

বিদ্যুৎ ও জ্বালানি সমস্যার বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, বিগত স্বৈরাচারী সরকারের অপরিকল্পিত পদক্ষেপের কারণেই আজ বিদ্যুৎ নিয়ে সংকট তৈরি হয়েছে। সরকার এই সমস্যার স্থায়ী সমাধানে বদ্ধপরিকর। আগামী সংসদ অধিবেশনেই ১০ বছরের মধ্যে বিদ্যুৎ সংকট সমাধানের পূর্ণাঙ্গ পরিকল্পনা দেশবাসীর সামনে উপস্থাপন করা হবে।