Image description

‎১৫ আগস্ট শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ফেসবুকে পোস্ট দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির দুই সদস্য এহতেশামুল হক ও ফয়েজ হাওলাদারকে প্রাথমিক সদস্যপদসহ সব সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। ‎শনিবার (১৫ আগস্ট) ছাত্রদলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

‎বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত অনুযায়ী তাদের বিরুদ্ধে এ সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।

‎জানা গেছে, এহতেশামুল হক বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ৪৮তম আবর্তনের শিক্ষার্থী এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন। অপরদিকে ফয়েজ হাওলাদার সরকার ও রাজনীতি বিভাগের ৫১তম আবর্তনের শিক্ষার্থী। তিনি জাবি ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য এবং বরিশাল বিভাগীয় ছাত্রকল্যাণ সমিতির সাধারণ সম্পাদক ছিলেন।

‎ছাত্রদলের প্রকাশিত আনুষ্ঠানিক বিজ্ঞপ্তিতে অব্যাহতির কারণ হিসেবে কেবল ‘সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগ’-এর কথা উল্লেখ করা হয়েছে। তবে জাবি ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন মুহাম্মদ বাবর জানান, ১৫ আগস্ট উপলক্ষে শেখ মুজিবুর রহমানকে নিয়ে ফেসবুকে পোস্ট করায় তাদের বিরুদ্ধে এ সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।

‎বাবর বলেন, গতকাল ১৫ আগস্ট উপলক্ষে শেখ মুজিবুর রহমানকে নিয়ে ওরা ফেসবুকে পোস্ট করেছে। ছাত্রদলের সাংগঠনিক ও আদর্শিক অবস্থান থেকে আমরা এটিকে আদর্শিক বিরোধিতা হিসেবে বিবেচনা করি। এই কারণেই তাদের সাংগঠনিক দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।