খুলনায় জাল টাকা তৈরি ও প্রচলনের অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাতে নগরীর দৌলতপুর থানার পুরাতন সাতক্ষীরা রোডের একটি বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় জাল নোট তৈরিতে ব্যবহৃত ল্যাপটপ, হার্ডডিস্কসহ বিভিন্ন ডিজিটাল সরঞ্জাম ও আলামত উদ্ধার করা হয়েছে।
আটক ব্যক্তিরা হলেন, দৌলতপুরের পুরাতন সাতক্ষীরা রোডের কাজী আব্দুল করিম রোডের বাসিন্দা কাজী মিনহাজ করিম অমিত (৩২), আঞ্জুমান রোডের শেখ ইমতিয়াজ কাদির (৩৮) এবং পাবলা বনিকপাড়ার আলিমুজ্জামান আশিক (৩০)।
পুলিশ জানায়, বৃহস্পতিবার রাত ৯টা ১০ মিনিটের দিকে দৌলতপুর থানার এসআই মো. আল ইমরানের নেতৃত্বে একটি দল থানার এলাকায় অভিযান চালাচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, পুরাতন সাতক্ষীরা রোডের ৬৮/৩ কাজী আব্দুল করিম রোডের একটি বাড়িতে জাল টাকা তৈরির কার্যক্রম চলছে। পরে সেখানে অভিযান চালানো হয়।
অভিযানে বাড়িটির দোতলার স্টুডিও কক্ষে তিনজনকে আটক করা হয়। ওই কক্ষ থেকে জাল নোট তৈরিতে ব্যবহৃত ল্যাপটপ, হার্ডডিস্কসহ বিভিন্ন ডিজিটাল সরঞ্জাম ও গুরুত্বপূর্ণ আলামত উদ্ধার করা হয়েছে।
পুলিশের প্রাথমিক ধারণা, প্রযুক্তির সহায়তায় জাল নোট তৈরি ও বাজারে ছাড়ার সঙ্গে আটক ব্যক্তিদের সম্পৃক্ততা থাকতে পারে। উদ্ধার করা ডিভাইস ও অন্যান্য আলামত পরীক্ষা করে চক্রটির কর্মকাণ্ড সম্পর্কে বিস্তারিত তথ্য জানার চেষ্টা চলছে। এ কাজে আরও কেউ জড়িত কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।
পুলিশ বলছে, অপরাধীরা প্রযুক্তির ব্যবহার বাড়ালেও তাদের শনাক্ত ও আইনের আওতায় আনতে পুলিশের প্রযুক্তি নির্ভর সক্ষমতাও বাড়ানো হচ্ছে। জাল নোট তৈরি ও প্রচলনের মতো অপরাধ অর্থনীতির পাশাপাশি সাধারণ মানুষের আর্থিক নিরাপত্তা ও আস্থার ওপরও নেতিবাচক প্রভাব ফেলে।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু. মোরাদুল ইসলাম জানিয়েছেন, আটক তিন জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে।