Image description

গ্যাসের দাবিতে চট্টগ্রাম নগরের ষোলশহর এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন সিএনজিচালিত অটোরিকশা চালকেরা। আজ শুক্রবার সকাল সাড়ে ৭টা থেকে শতাধিক চালক ষোলশহর এলাকার সড়কে অবস্থান নেন। আধা ঘণ্টা পর্যন্ত তারা অবরোধ করেন। এতে মুরাদপুর থেকে দুই নম্বর গেইট পর্যন্ত সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

চালকদের অভিযোগ, ২৪ ঘণ্টারও বেশি সময় ধরে বিভিন্ন ফিলিং স্টেশনের সামনে অপেক্ষা করেও তারা গ্যাস পাচ্ছেন না। কখন পরিস্থিতি স্বাভাবিক হবে, সে বিষয়ে স্টেশন কর্তৃপক্ষও নির্দিষ্ট কোনো তথ্য দিতে পারছে না। ফলে গাড়ি চালাতে না পেরে আয়-রোজগার বন্ধ হয়ে গেছে তাদের।

ষোলশহর এলাকার ফসিল ফিলিং স্টেশনের সামনে শুক্রবার সকালেও গ্যাসের জন্য কয়েকশ সিএনজি অটোরিকশা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। অনেক চালক রাতভর গাড়ি নিয়ে লাইনে অপেক্ষা করেছেন বলে জানান।

চালকেরা জানান, শুধু ষোলশহর নয়, নগরের প্রায় সব সিএনজি ফিলিং স্টেশনেই একই পরিস্থিতি। কোথাও গ্যাস নেই, আবার কোথাও গ্যাসের জন্য দীর্ঘ লাইন। এতে চালকদের পাশাপাশি যাত্রীরাও দুর্ভোগে পড়েছেন।

 

বিভিন্ন ফিলিং স্টেশনের কর্মকর্তারা জানান, গ্যাসের সরবরাহ না থাকায় সিএনজি অটোরিকশায় গ্যাস দেওয়া সম্ভব হচ্ছে না। সরবরাহ স্বাভাবিক না হওয়া পর্যন্ত তাঁদেরও কিছু করার নেই।

 

গ্যাসের সংকটে নগরের সড়কে সিএনজি অটোরিকশার সংখ্যা কমে যাওয়ায় যাত্রীদের অপেক্ষার সময়ও বেড়েছে। অনেক যাত্রীকে দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকতে হচ্ছে। এতে জরুরি কাজে বের হওয়া মানুষসহ সাধারণ যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন।

এদিকে চালকদের সড়ক অবরোধের কারণে সকাল থেকেই মুরাদপুর, ষোলশহর ও দুই নম্বর গেইট এলাকায় যানজট দেখা দেয়। গুরুত্বপূর্ণ এই সড়কে যান চলাচল বন্ধ থাকায় আশপাশের সড়কেও এর প্রভাব পড়ে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ঘটনাস্থলে গিয়ে চালকদের সড়ক থেকে সরিয়ে দেয়। পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহেদুল ইসলাম বলেন, ঘটনাস্থলে পুলিশের টিম গিয়ে চালকদের সড়ক থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে। আধঘণ্টার মতো তারা সড়কে অবস্থান নিয়েছিল।