Image description

বিদ্যুৎ ও জ্বালানি সংকটসহ দেশের সার্বিক আর্থ-সামাজিক ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়ে জাতীয় সংসদের বিশেষ অধিবেশন আহ্বানের অনুরোধ জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। এ বিষয়ে রাষ্ট্রপতির কাছে চিঠি দিয়েছেন তিনি।

আজ শুক্রবার রাষ্ট্রপতি বরাবর পাঠানো ওই চিঠির অনুলিপি প্রধানমন্ত্রী ও জাতীয় সংসদ সচিবালয়েও পাঠানো হয়েছে।

চিঠিতে ডা. শফিকুর রহমান উল্লেখ করেন, বর্তমানে দেশজুড়ে তীব্র বিদ্যুৎ সংকট বিরাজ করছে। লাগামহীন লোডশেডিংয়ের কারণে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। পাশাপাশি শিল্প-উৎপাদন এবং ব্যবসা-বাণিজ্যও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।

 

 

 

বিদ্যুৎ ও জ্বালানি সংকটের প্রত্যক্ষ প্রভাবে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়েছে বলেও চিঠিতে উল্লেখ করা হয়। একই সঙ্গে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি জনগণকে চরম অনিশ্চয়তার মধ্যে ফেলেছে বলে উল্লেখ করেছেন বিরোধীদলীয় নেতা।

চিঠিতে জামায়াত আমির বলেছেন, ‘জনগণের প্রতিনিধি হিসেবে এই সংকটকালে আমরা নীরব থাকতে পারি না। উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় জাতীয় সংসদে অর্থবহ আলোচনা এবং সংকটের আশু সমাধান খুঁজে বের করা জরুরি।’