Image description

বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির শীর্ষ পাঁচ নেতা। গতকাল বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

এদিকে, ছাত্রদলের বর্তমান ‘রাকিব-নাছির’ কমিটির বিদায়ী সাক্ষাতের পর সংগঠনটির নতুন কেন্দ্রীয় কমিটি নিয়ে রাজনৈতিক অঙ্গনে জোর আলোচনা শুরু হয়েছে। দলীয় সূত্রের দাবি, শুক্রবার (১৪ আগস্ট) যেকোনো সময় নতুন কমিটি ঘোষণা হতে পারে। তবে বিএনপির পক্ষ থেকে এখনো এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো নির্দেশনা দেওয়া হয়নি।

বিজ্ঞাপন

দলীয় সূত্র জানায়, বৃহস্পতিবার রাতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ছাত্রদলের বর্তমান কমিটির শীর্ষ পাঁচ নেতার বিদায়ী সাক্ষাতের পর থেকেই নতুন কমিটি গঠন নিয়ে দফায় দফায় আলোচনা চলছে। নতুন কমিটিতে কারা নেতৃত্বে আসছেন, তা নিয়ে আলোচনা আরও জোরালো হয়। সম্ভাব্য নেতাদের বিষয়ে যাচাই-বাছাইসহ বিভিন্ন দিক বিশ্লেষণ করা হচ্ছে। সবকিছু চূড়ান্ত হলে নতুন কমিটি ঘোষণা করা হতে পারে।

সূত্রের দাবি, সিনিয়র কমিটি হলে সভাপতি পদে আবু আফসান মোহাম্মদ ইয়াহিয়া ও আমানুল্লাহ আমানের নাম আলোচনায় রয়েছে। আর জুনিয়র কমিটি হলে আমানুল্লাহ আমান ও নাহিদুজ্জামান শিপনের অবস্থান শক্ত বলে জানা গেছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এ ছাড়া সম্ভাব্য নেতৃত্বের তালিকায় আলোচনায় রয়েছেন ইজ্জাজুল কবির রুয়েল, ডা. তৌহিদুর রহমান আউয়াল, খোরশেদ আলম সোহেল, মমিনুল ইসলাম জিসান, কাজী জিয়াউদ্দিন বাসেত, গণেশ চন্দ্র রায় সাহস ও আবিদুল ইসলাম খান। উত্তরাঞ্চল থেকে সম্ভাব্য প্রার্থী হিসেবে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আনোয়ার পারভেজের নামও আলোচনায় রয়েছে।

তবে নতুন কমিটি গঠনের বিষয়ে এখনো বিএনপির পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক নির্দেশনা আসেনি বলে জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

শুক্রবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে রিজভী বলেন, ‘আজকে আমার কাছে এ ধরনের কোনো নির্দেশনা আসেনি। যদি সেরকম কোনো সিদ্ধান্ত হয়ে থাকে, তাহলে অবশ্যই আসবে।’

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

বর্তমান কমিটির বিদায়ী সাক্ষাৎ প্রসঙ্গে তিনি বলেন, ‘এটা নিঃসন্দেহে দলের হাইকমান্ড তাদের সঙ্গে কথা বলছেন। তাদের সঙ্গে কী কথা হয়েছে, কী নির্দেশনা দেওয়া হয়েছে, সেটা আমি এই মুহূর্তে বলতে পারবো না। আর যদি চূড়ান্ত পর্যায়ের কিছু হয়, নতুন কিছু হয়, তাহলে সেটা নিঃসন্দেহে আমরা প্রেস রিলিজ আকারে আপনাদের জানিয়ে দেব।’

jagonews24বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাতে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন ছাত্রদলের শীর্ষ পাঁচ নেতা

এদিকে তারেক রহমানের সঙ্গে বিদায়ী সাক্ষাতের পর সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন পোস্ট দিয়েছেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির। তাদের পোস্টে ছাত্ররাজনীতির অধ্যায় থেকে বিদায়ের ইঙ্গিত পাওয়া যায়।

বিজ্ঞাপন

রাকিবুল ইসলাম রাকিব তার পোস্টে লেখেন, ‘অনেক বেশি সম্মান ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে জীবনের শ্রেষ্ঠ অধ্যায়ের পরিসমাপ্তি ঘটতে চলেছে।’

নিজের দায়িত্ব পালনকালে বিএনপির শীর্ষ নেতৃত্বের দিকনির্দেশনা ও সহযোগিতার কথা স্মরণ করে তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি নিজের অনিচ্ছাকৃত ভুলত্রুটির জন্য ক্ষমা চেয়ে নতুন জীবনের জন্য সবার কাছে দোয়া চান।

রাকিব-নাছির কমিটির মেয়াদে জুলাই গণঅভ্যুত্থানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে রাজপথে ভূমিকা পালন, পরবর্তী সময়ে বিভিন্ন ক্যাম্পাসে ‘মব’ মোকাবিলা এবং বিতর্ক এড়িয়ে সংগঠন পরিচালনার বিষয়গুলোও তুলে ধরেন রাকিব।

বিজ্ঞাপন

নতুন নেতৃত্ব যার হাতেই আসুক, ছাত্রদলের রাজপথের দীর্ঘ পথচলাকে আরও সুসংগঠিত করতে নতুন কমিটিকে সবাই সাদরে গ্রহণ করবেন—এমন প্রত্যাশাও জানিয়েছেন বিদায়ী সভাপতি।

এখন মূল অপেক্ষা—বিদায়ী সাক্ষাতের পর কতটা দ্রুত সিদ্ধান্ত আসে এবং শেষ পর্যন্ত কার হাতে তুলে দেওয়া হয় জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্ব। যদিও দলীয়ভাবে এখনো চূড়ান্ত ঘোষণা আসেনি।