বালুর ঘাটে ইজারাদারের এক কর্মীকে মারধরের ঘটনায় ময়মনসিংহের ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরাফাত সিদ্দিকীকে বদলি করা হয়েছে। তাঁকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব (সংযুক্ত) পদে বদলিপূর্বক পদায়ন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ নিয়োগ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ত্রিশালের ইউএনও আরাফাত সিদ্দিকীকে তাঁর বর্তমান পদ থেকে বদলি করে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব (সংযুক্ত) পদে পদায়ন করা হয়েছে। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব গোলাম মোরশেদের সই করা প্রজ্ঞাপনে বদলির কোনো কারণ উল্লেখ করা হয়নি।
আরাফাত সিদ্দিকী ত্রিশালের ইউএনও হিসেবে দায়িত্ব পালনকালে সম্প্রতি উপজেলার কালীরবাজার এলাকায় একটি বালুর ঘাটে ইজারাদারের এক কর্মীকে মারধর করেছেন। এ ঘটনার একটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা হয়।
ঘটনার পরদিন উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে তাঁকে পাওয়া যায়নি বলে স্থানীয় সূত্রে জানা যায়। পরে বিকালে স্থানীয়ভাবে অনুষ্ঠিত এক সমঝোতা বৈঠকে ওই ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন ইউএনও।
তবে ওই ঘটনায় প্রশাসনের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কি না, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। একইভাবে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বদলির প্রজ্ঞাপনেও বালুর ঘাটের ঘটনার কোনো উল্লেখ নেই। ঘটনার পরপরই ইউএনও’কে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি করায় বিষয়টি নিয়ে ত্রিশালে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রেজা মো. গোলাম মাসুম ত্রিশালের ইউএনও আরাফাত সিদ্দিকীর বদলির বিষয়টি নিশ্চিত করেছেন।
বিডি-প্রতিদিন