Image description

জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় এক নেত্রীর দায়ের করা মামলায় রাঙামাটি জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আলী আকবর সুমনের সঙ্গে ডিবিসি টেলিভিশনের রাঙামাটি প্রতিনিধি সৈকত রঞ্জন চৌধুরীকে আটক করেছে ডিএমপির গোয়েন্দা পুলিশ।

রাঙামাটির পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব জানিয়েছেন, শাহবাগ থানায় এক ছাত্রদল নেত্রীর দায়ের করা পর্নোগ্রাফি আইনের মামলায় সন্দেহভাজন হিসেবে রাঙামাটি থেকে দুইজনকে আটক করা হয়েছে।

 

 

রাঙামাটি সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. কামালউদ্দিন বলেছেন, মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে জেলা পরিষদের সামনে থেকে জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আলী আকবর সুমনকে প্রথমে আটক করে গোয়েন্দা পুলিশ। পরে সুমনের ফোন পেয়ে সেখানে যায় সাংবাদিক সৈকত। সেখানে গোয়েন্দা পুলিশের সঙ্গে বাগবিতণ্ডা হয় তার। পরে তাকেসহ সুমনকে আটক করে পুলিশ।

জানা গেছে, সম্প্রতি ওই নেত্রীর একটি আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপর বিষয়টি নিয়ে শাহবাগ থানায় মামলা করেন তিনি।

এই বিষয়ে জানতে ওই নেত্রীর মুঠোফোনে যোগাযোগ করা হলে ফোন ধরেননি তিনি। হোয়াটসঅ্যাপে খুদে বার্তা পাঠালেও সাড়া মেলেনি তার।