ব্রিকস সম্মেলনে অংশ নিতে প্রধানমন্ত্রী তারেক রহমান ভারতে যাবেন কি না এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমান।
মঙ্গলবার সচিবালয়ে সাপ্তাহিক ব্রিফিংয়ে সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি একথা জানান।
জাহেদ উর রহমান বলেন, ‘গতকাল পররাষ্ট্রমন্ত্রী তার বক্তব্যে ইঙ্গিত দিয়েছেন ব্রিকস সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়নি। বিমস্টেকের প্রেসিডেন্ট হিসেবে তাকে সেখানে আমন্ত্রণ করা হয়েছে।’
‘তবে, আমাদের সরকার গঠন হওয়ার পর ভারতের প্রধানমন্ত্রী অভিনন্দন জানিয়ে ভারত সফরের আমন্ত্রণ জানিয়েছিলেন। সুতরাং সেই সফর যেকোনো সময় হতে পারে,’ যোগ করেন তিনি।
প্রধানমন্ত্রীর উপদেষ্টা আরও বলেন, ব্রিকস সম্মেলনে অংশগ্রহণ নিয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। সেটাও পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন। তার বক্তব্যের মধ্যে সম্ভবত আমরা এক ধরনের ইঙ্গিত পেতে পারি। সেটা আপনারা বুঝে নিলেই হবে।’